ব্যবসার প্রধান বাধা দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ব্যবসা করতে দুর্নীতিকেই বড় সমস্যা মনে করেন ব্যবসায়ীরা। ব্যবসা করার ক্ষেত্রে প্রধান ১৬টি সমস্যার মধ্যে দুর্নীতির সমস্যা এখন প্রথম অবস্থানে। অবশ্য গত পাঁচ বছরে সমস্যা হিসেবে দুর্নীতি প্রথম অবস্থানে ছিল না। গত বছর দুর্নীতির অবস্থান ছিল দ্বিতীয়।
বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা (জিসিই) প্রতিবেদন ২০১৩-এর অংশ হিসেবে পরিচালিত ব্যবসার পরিবেশ সমীক্ষায় এসব বিষয় উঠে এসেছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের জিসিই প্রতিবেদনটি গত বুধবার আনুষ্ঠাকিভাবে প্রকাশিত হয়। আর বাংলাদেশে গতকাল সোমবার প্রতিবেদনটি প্রকাশ করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
প্রতিবেদনটির বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির অতিরিক্ত গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এ সময়উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
প্রতিবেদন অনুযায়ী, ব্যবসায় প্রতিযোগিতা সক্ষমতার দিক থেকে বিশ্বের ১৪৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১১০। অভিন্ন প্রশ্নপত্রে অন্য দেশগুলোর পাশাপাশি বাংলাদেশের ৭১ জন ব্যবসায়ী এতে অংশ নেন।
প্রতিবেদন বলা হয়েছে, দেশের ব্যবসার পরিবেশ সম্পর্কে ব্যবসায়ীদের মতামত জানতে পরিচালিত জরিপে ১৬টি প্রধান সমস্যা চিহ্নিত করেছেন ব্যবসায়ীরা। এগুলো হলো দুর্নীতি, দুর্বল অবকাঠামো, সরকারি আমলাদের দুর্বলতা, বিনিয়োগের জন্য অর্থ না পাওয়া, নীতির ধারাবাহিকতা না থাকা, মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা, বৈদেশিক মুদ্রার নীতি, করহার, শিক্ষিত কর্মীর অভাব, করব্যবস্থার জটিলতা, অপরাধ, উদ্ভাবনী দক্ষতার অভাব, শ্রম আইনের সীমাবদ্ধতা ইত্যাদি।
প্রথম তিন সমস্যার কারণেই ব্যবসায়ীরা ৫৬ শতাংশ সমস্যায় পড়েন বলে জানা গেছে। এর মধ্যে দুর্নীতি ২২ দশমিক ২৯, দুর্বল অবকাঠামো ১৮ দশমিক ৪৮ ও সরকারি আমলাদের দুর্বলতা ১৫ দশমিক ৭১ শতাংশ। গত বছর দুর্নীতির জন্য সমস্যা ছিল ১৭ দশমিক ৪৩ শতাংশ।
এ ছাড়া রপ্তানির জন্য ব্যবসার ক্ষেত্রে ঋণ না পাওয়াকে বড় বাধা হিসেবে মনে করেন ব্যবসায়ীরা। সম্ভাবনাময় বাজার ও ক্রেতা চিহ্নিত করতে না পারা, প্রয়োজনীয় উৎপাদন প্রযুক্তি ব্যবহার না করা, অশুল্ক বাধা, সীমান্তে দুর্নীতিও অন্যতম সমস্যা। অন্যদিকে শুল্ক ও অশুল্ক বাধা, জটিল আমদানি প্রক্রিয়া, সীমান্তে দুর্নীতি, উচ্চ পরিবহন খরচ, অপরাধ ও চুরি আমদানির ক্ষেত্রে বড় বাধা বলে উল্লেখ করেছেন দেশের ব্যবসায়ীরা।
২০১৩ সালে দেশের অর্থনীতি কেমন যাবে—এমন প্রশ্ন করা হয়েছিল দেশের ব্যবসায়ীদের। তাদের ৩৪ শতাংশ উত্তর দিয়েছেন চলতি বছর দেশের অর্থনীতি দুর্বলতর হিসেবে পার করবে। গত বছর একই প্রশ্নের জবাবে ৩৬ শতাংশ উত্তর দিয়েছেন, ভালো যাবে। রাজনৈতিক অস্থিরতা ও সামনে জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটেই ব্যবসায়ীরা এমন উত্তর দিয়েছেন মন্তব্য করেন খন্দকার গোলাম মোয়াজ্জেম।
প্রতিবেদনে বলা হয়, রাজনীতিকদের ওপর ব্যবসায়ীদের আস্থা কিছুটা বেড়েছে। তবে সেটি এখনো দুর্বলতম জায়গাতেই আছে। জরিপে অংশ নেওয়া ৮৭ শতাংশ ব্যবসায়ীই এমন মত দিয়েছেন। আবার ৭৯ শতাংশ ব্যবসায়ী মনে করেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা সমীচীন হবে না। ৫৬ শতাংশের অভিমত, আমেরিকার বাজারে জিএসপি স্থগিত হলেও রপ্তানি বাণিজ্যে সমস্যা হবে না। তবে ৮০ শতাংশ ব্যবসায়ীই জিএসপি ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কার্যকরী পদক্ষেপ নিতে না পারায় সরাসরি বৈদেশিক বিনিয়োগ আনতে সরকার ব্যর্থ হয়েছে। এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থাগুলোর দুর্বল তদারকির জন্য পুঁজিবাজারে উন্নতি হয়নি। এ ছাড়া সরকারের ব্যয় ব্যস্থাপনা, গণমাধ্যমের স্বাধীনতা, মালিক-শ্রমিক সম্পর্ক, মানবসম্পদ সূচকের অবনতি হয়েছে। তবে বিদ্যুৎ ও স্বাস্থ্য খাতে উন্নতি ঘটেছে। কিন্তু এসব ক্ষেত্রে আরও উন্নতির সুযোগ আছে।
মোস্তাফিজুর রহমান বলেন, দেশের ৬০ ভাগ অর্থনীতি আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট। ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে হলে উদ্যোক্তাদের উৎপাদনশীল কাজ করতে হবে। সামনের দিকে এগিয়ে যেতে হলে উদ্ভাবন, প্রযুক্তিগত উৎকর্ষতা ও মানবসম্পদ প্রস্তুত করতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা হাঁটছি। কিন্তু অন্যরা দৌড়াচ্ছে। এমনটা হলে তো আমরা ক্রমশ পিছিয়ে যাব।’