ব্যবসার ব্যয় কমাতে রেল খাত উন্নয়নের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ে ও অভ্যন্তরীণ নৌপথগুলো কার্যকর করা গেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন অন্তত ৫০০ পণ্যবাহী ট্রাক কম চলবে। এর ফলে সড়কের ওপর চাপ কমবে, ব্যবসার সময় ও খরচ সাশ্রয় হবে। এ জন্য প্রয়োজন রেলপথের সংস্কার ও উন্নয়ন, প্রয়োজন পরিকল্পিত বিনিয়োগ।গতকাল বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলা হয়। রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারের প্রধান অতিথি রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘দেশের রাজনীতিতে যদি সবচেয়ে বিভ্রান্তিকর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা হচ্ছে রেল মন্ত্রণালয়কে তুলে দেওয়া। এই আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের অনেক পিছিয়ে দিয়েছে।’ এ সময় তিনি দেশের রাজনীতিকে সাংঘর্ষিক ও সংঘাতপূর্ণ বলে মন্তব্য করেন।রেলমন্ত্রী আরও বলেন, ‘রেল মন্ত্রণালয়কে দায়িত্ব দেবেন, কিন্তু ক্ষমতা দেবেন না, তা হবে না। রেল মন্ত্রণালয়কেই তাদের বাজেট তৈরি করতে দিতে হবে।’ তিনি বলেন, বর্তমানে রেলওয়ের বার্ষিক লোকসানের পরিমাণ ৭৫৭ কোটি টাকা। টিকিটের কালোবাজারি কমাতে পারলেই এই বিশাল লোকসানের একটা অংশ কমানো সম্ভব হবে।রেলের জমি যে যেভাবে পারে দখল করে মন্তব্য করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘যখনই আমাদের মধ্যে দেশপ্রেম উথলে ওঠে, তখনই আমরা রেলের জায়গা দখল করে মাদ্রাসা করি, স্কুল-কলেজ করি।’রেলমন্ত্রী জানান, সৈয়দপুরে আরেকটি রেলকারখানা করার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। সেটা হবে অত্যাধুনিক এবং সেখানে রেলের বিভিন্ন যন্ত্রপাতি সংযোজন করা হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সেতুর পাশে আরেকটি সেতু করা হবে। সেটা হবে শুধু রেলওয়ের সেতু। সারা দেশে এমন আরও তিনটি সেতু করা হবে। ব্যবসায়ীরা চাইলে এতে সরকারের সঙ্গে বিনিয়োগ করতে পারেন।রেল মন্ত্রণালয়ের সচিব ফজলে কবির বলেন, সরকার ১৬ হাজার ৬৩৪ কোটি টাকা ব্যয়ে রেলওয়ের জন্য ২৯টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এরই মধ্যে নতুন করে ২২ কিলোমিটার রেললাইন স্থাপন, পাঁচটি আন্তনগর ও ১০টি মেইল ট্রেন চালু করা হয়েছে।ফজলে কবির বলেন, রেলের অনুমোদিত জনবলের সংখ্যা ৪০ হাজার হলেও এখন আছে ২৪ হাজার। জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।সচিব বলেন, ‘রেলওয়ের সময়ানুবর্তিতার হার এখন ৪০ থেকে ৫০ শতাংশ। আমার সেটাকে ৭০ থেকে ৮০ শতাংশে নিয়ে যেতে চাই। নতুন মন্ত্রণালয় হওয়ার পর সময়ানুবর্তিতা এখন প্রায় ৭০ শতাংশের মতো।’আলোচনা: স্বাধীনতার পর থেকে রেলপথ অপরিকল্পিতভাবে উন্নত হয়েছে বলে সেমিনারে মন্তব্য করেন ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম। তিনি বলেন, রেল খাতে ওয়াগন ও ইঞ্জিনের (লোকোমোটিভ) স্বল্পতা, চালানোর দক্ষতা ও অবকাঠামোগত প্রতিবন্ধকতা রয়েছে। সে কারণে রেলওয়ে পণ্যবাহী কনটেইনার সময়মতো পরিবহন করতে পারছে না।আসিফ ইব্রাহীম আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যেখানে রেলব্যবস্থার আধুনিকায়ন হয়েছে, সেখানে দেশে রেলপথের দৈর্ঘ্য ও স্টেশনের সংখ্যা কমেছে। কিন্তু রেলের এত সংকোচন হওয়ার পরও যাত্রী চলাচল দিন দিন বেড়েই চলেছে।ডিসিসিআইয়ের সভাপতি রেলের জন্য প্রণীত সমন্বিত বহুমুখী পরিবহন নীতির (আইএমটিপি) মাধ্যমে একটি মহাপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি ভারত, চীন ও মিয়ানমারের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেন, যেন বাংলাদেশ আন্তর্জাতিক রেল-নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারে।সেমিনারে ডিসিসিআইয়ের পক্ষ থেকে ট্রেনের সময়সূচি মেনে চলা, মালবাহী ট্রেনের ধারণক্ষমতা বাড়ানো, ট্রেনের সংখ্যা বাড়ানো, টিকিট বিক্রি ও অন্যান্য সেবার আধুনিকায়ন, বেশির ভাগ একক লাইনকে দ্বৈতলাইনে রূপান্তর, রেলওয়ের জনবল বৃদ্ধি, রেলের দখল হওয়া জমি উদ্ধার, পুরোনো লাইনগুলোর রক্ষণাবেক্ষণ-সম্প্রসারণ-আধুনিকায়নের সুপারিশ করা হয়।সেমিনারের মূল প্রবন্ধে পরিবহন বিশেষজ্ঞ রহমতউল্লাহ বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথকে দ্বৈত ট্র্যাকে রূপান্তরের কাজে কোনো অগ্রগতি নেই। তিনি বলেন, রেলকে উন্নত করতে হলে একে স্বায়ত্তশাসন দিতে হবে। দরকারি সব সিদ্ধান্ত তাদেরকেই নিতে দিতে হবে।ডিসিসিআইয়ের পরিচালক আবু হোরায়রা রেলওয়েকে ঢেলে সাজাতে একটি মহাপরিকল্পনা করে তা বাস্তবায়নের জন্য একটি রেলওয়ে বোর্ড গঠনের প্রস্তাব করেন।ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আবুল কাশেম খান বলেন, ‘সরকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার করছে। কিন্তু তা যানজট কমানোর ভালো উপায় নয়; বরং রেলকে উন্নত করতে পারলে মানুষ তাতে চড়বে।’বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক আতিকুর রহমান বলেন, ‘সড়ককে উন্নত করা প্রয়োজন, সেটি করা হচ্ছে। রেলওয়েকে অবহেলা করা হচ্ছে। রেলওয়ের অবকাঠামো “ফ্রি গিফট অব নেচার” হিসেবে ব্যবহার করা হচ্ছে।’আমেরিকান চেম্বারের সভাপতি আফতাবুল ইসলাম বলেন, রেলওয়ের পর্যাপ্ত সম্পদ আছে। তাই রেলকে উন্নত করতে হলে দাতাদের কাছে হাত পাততে হবে না।