ব্যবসার শুরুর সব তথ্য এক মলাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশে ব্যবসা শুরু করতে বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স নিতে হয়। এ জন্য কোথায় যেতে হবে বা কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেসব জানা না থাকায় সমস্যায় পড়েন নতুন উদ্যোক্তারা। সমস্যার সমাধানে ১৫০টি লাইসেন্সের সব প্রক্রিয়া এক মলাটের মধ্যে নিয়ে এসেছে বিজনেস স্টার্ট আপ লাইসেন্স।
ব্যবসায়ীদের গড়ে তোলা গবেষণা সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) ও বিনিয়োগ বোর্ডের (বিওআই) যৌথ উদ্যোগে বিজনেস স্টার্ট আপ লাইসেন্স বইটি প্রকাশ করা হয়েছে। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বইটির চতুর্থ সংস্করণ বের হয়েছে। এতে নতুন লাইসেন্স করার প্রক্রিয়ার পাশাপাশি পুনর্নিবন্ধন কীভাবে করা যায়, সে তথ্যও আছে। ফলে এটি দেশি-বিদেশি নতুন উদ্যোক্তা ছাড়াও পুরোনোদের কাজে লাগতে পারে।
উৎপাদক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আমদানি-রপ্তানির অনুমোদন, মূলধনি যন্ত্রপাতি আমদানির অনুমতি, মূসক নিবন্ধন, বিদেশি বিনিয়োগের বিভিন্ন লাইসেন্স, শিল্প প্লট ও গ্যাস-বিদ্যুৎ-পানি সংযোগ নেওয়ার প্রক্রিয়া, খাতওয়ারি বিভিন্ন পণ্যের লাইসেন্স ইত্যাদি বিষয়ে তথ্য আছে এ বইয়ে। এতে লাইসেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্র, সম্ভাব্য সময়, অর্থের পরিমাণ ও সংশ্লিষ্ট দপ্তরের ঠিকানাও দেওয়া আছে। তা ছাড়া সরকারের কোন প্রতিষ্ঠান কী ধরনের লাইসেন্স ও সনদ এবং ব্যবসায়ীদের কোন সংগঠন কাদের সদস্যপদ দেয়, আলাদা করে সেসব তথ্যও পাওয়া যাবে।
ঢাকা চেম্বার, মেট্রো চেম্বার ও চট্টগ্রাম চেম্বারের যৌথ উদ্যোগে ২০১১ সালের ১৭ অক্টোবর যাত্রা শুরু করে বিল্ড। এরপর থেকেই সংস্থাটি দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প খাতের সমস্যা এবং এর সমাধান নিয়ে গবেষণা করে। বিওআইয়ের সঙ্গে যৌথভাবে বিল্ড বিজনেস স্টার্ট আপ লাইসেন্স বইয়ের প্রথম সংস্করণ বের করে ২০১২ সালের ডিসেম্বরে।
৫১২ পৃষ্ঠার বিজনেস স্টার্ট আপ লাইসেন্স বইটির চতুর্থ সংস্করণ রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার ভবনে বিল্ড কার্যালয়ে পাওয়া যাবে। দাম ৭৫০ টাকা বা ১৫ মার্কিন ডলার।