ব্যবসার স্বার্থে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ অবকাঠামো ও উন্নত পরিবহনব্যবস্থার অভাবে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। আর যানজটের কারণে বছরে আর্থিক ক্ষতি হচ্ছে ২০ হাজার কোটি টাকা। ব্যবসা-বাণিজ্যের স্বার্থে যানজট কমানো এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন করতে হবে।ঢাকা চেম্বার আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে যোগাযোগ অবকাঠামো এবং দক্ষ ট্রাফিক ব্যবস্থা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার ভবনে গতকাল বৃহস্পতিবার এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের বলেন, সরকারের শেষ সময়ে এসে চাইলেও অনেক কিছু করা সম্ভব হয় না। যোগাযোগ উন্নয়নে তাই অগ্রাধিকার নির্বাচন করে কাজ করা হচ্ছে। বিশেষ করে ভাঙাচোরা রাস্তাগুলো মেরামত করা হচ্ছে। রেলপথ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।সেমিনারে আসিফ ইব্রাহীম বলেন, নতুন বিনিয়োগের জন্য দেশে যোগাযোগ অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই। সড়ক, রেল ও নৌপথ উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে দেশের উন্নয়নের গতি ধীর হয়ে যাবে। সাম্প্রতিক গবেষণার বরাত দিয়ে তিনি বলেন, যানজটের কারণে বছরে ৮১ লাখ ৫০ হাজার কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এর মধ্যে ব্যবসা-বাণিজ্যের কর্মকাণ্ডের সময় হচ্ছে ৪০ শতাংশ। টাকার অঙ্কে তা ২০ হাজার কোটি টাকা।যোগাযোগব্যবস্থার উন্নয়নে বেসরকারি খাতকে যুক্ত করা; স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়ন; নগর উন্নয়নে কাজ করা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়; ভারসাম্যপূর্ণ যোগাযোগ নেটওয়ার্ক তৈরিতে সমন্বিত বহুমুখী পরিবহননীতি গ্রহণ; গুরুত্বপূর্ণ বড় প্রকল্প বাস্তবায়নে ‘অবকাঠামো বন্ড’ ছাড়ার বিষয়টি বিবেচনা করা এবং রেলওয়েকে অধিক গুরুত্ব দেওয়ার প্রস্তাব করেন আসিফ ইব্রাহীম।পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মাহবুবুর রহমান বলেন, ঢাকায় সাত শতাংশ সড়ক রয়েছে। এর ৫০ শতাংশই ব্যবহার করা যাচ্ছে না। তিনি বলেন, ‘ঢাকায় প্রচুর লোক হয়ে গেছে। তাই বলে কি ঢাকায় মানুষ আসা বন্ধ হচ্ছে? জীবনযাত্রার ব্যয় বেশি বলে ভারতের মুম্বাইয়ে সেখানকার লোকজন থাকতে চায় না। তেমনিভাবে ঢাকার ব্যয় আরও বাড়িয়ে দেওয়া যেতে পারে যেন কেউ ঢাকায় আসতে আগ্রহী না হয়।’ ব্যবসায়ী ওসমান গণি বলেন, ইউরোপ ও আমেরিকায় প্রতিবছর রাস্তা মেরামত করা হয় না। কিন্তু দেশে বছর বছর রাস্তা মেরামত করতে হয় কেন? তাই রাস্তা কীভাবে তৈরি করা হচ্ছে সেটি দেখতে হবে।ব্যবসায়ী আর আই খান বলেন, ‘রাস্তায় যখন দেখি দড়ি দিয়ে যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে তখন লজ্জা লাগে।’জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) এ দেশীয় প্রতিনিধি তাকাও তোড়া বলেন, আগামী ৪০ বছরে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১০টি দেশের একটি এবং ঢাকা শীর্ষ ছয়-সাত শহরের একটিতে পরিণত হবে।সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান ও আবুল মোমেন, পরিচালক আবু হোরায়রা প্রমুখ।