ব্যবসাসংক্রান্ত টিভি রিয়েলিটি শো হচ্ছে
দেশে প্রথমবারের মতো ব্যবসাসংক্রান্ত প্রতিযোগিতামূলক টিভি রিয়েলিটি শো শুরু হচ্ছে। দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম (এফএলপি) ইন বিজনেস ২০১২-১৩ নামের এ অনুষ্ঠানের আয়োজক ইমপ্রেস টেলিফিল্ম, চ্যানেল আই এবং যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য ফিউচার লিডার্স। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা বিভাগের স্নাতক উত্তীর্ণদের নিয়েই মূলত ব্যবসায়ী নেতৃত্ব ও উদ্যোগসংক্রান্ত শিক্ষামূলক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চলতি মাসে ফিউচার লিডার্সদের একটি দল দেশের সাত বিভাগের সব বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে রিয়েলিটি শোর জন্য প্রাথমিকভাবে মেধাবীদের নির্বাচন করবেন। রাজধানীর একটি হোটেলে গত শনিবার এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানানো হয়। একই সঙ্গে প্রতিযোগিতার প্রতীক উন্মোচন ও বিচারকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। রিয়েলিটি শোর প্রতীক উন্মোচন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন, বারভিডার সভাপতি হাবিবুল্লাহ ডন প্রমুখ।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রতিযোগিতার প্রধান বিচারক আবদুল মুক্তাদির, ফিউচার লিডারস যুক্তরাজ্যের (ইউকে) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজির আলম। এতে জানানো হয়, প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির। সঙ্গে থাকবেন তাসলিম আহমেদ ও তাহনিয়াত আহমেদ করিম।আবদুল মুক্তাদির বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিবছর ১৫-১৬ জন ট্যালেন্টকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানো হবে।চ্যানেল আইয়ের জন্য নির্মিতব্য এ অনুষ্ঠানটি নির্মাণ করবেন ফারজানা ব্রাউনিয়া, আ কা রেজা গালিব, ইফতেখার মুনিম এবং অপু মাহফুজ। অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হবে আগামী জুনে।