ব্যবসায় অনৈতিকতা রোধেই বিভিন্ন আইন করতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের অনৈতিক কাজ থেকে ভোক্তাদের রক্ষা করতেই বিভিন্ন আইন করা হয়। ভোক্তার অধিকার রক্ষায় শাস্তির বিধান রেখে তাই সম্প্রতি প্রতিযোগিতা আইন করেছে সরকার। চাহিদা মেটাতে গিয়ে সেবার নামে ভোক্তাকে যাঁরা কষ্ট দেন, তাঁদের উদ্যোক্তা বলাও সঠিক হবে না।দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এক সেমিনারে গতকাল সোমবার আইনমন্ত্রী শফিক আহমেদ এসব কথা বলেন।শফিক আহমেদ আরও বলেন, যেসব বিধিবিধান মেনে হিসাব নিরীক্ষকেরা বর্তমানে কাজ করছেন, প্রস্তাবিত ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টে তার সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু যেন না থাকে, সেই বিষয় অবশ্যই বিবেচনা করা হবে। কারণ, যেকোনো আইন করার আগে সেটিকে পরিচ্ছন্ন ও যুগোপযোগী করার সব ধরনের ব্যবস্থা রয়েছে।সেমিনারে আইসিএবির পক্ষ থেকে ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠনের বিরোধিতা করা হয়। তবে সেমিনারের বিশেষ অতিথি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান ব্যবসায়িক স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি এ আইন কার্যকর করার ক্ষেত্রে আইসিএবি প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে উপস্থিত অপর বিশেষ অতিথি বিজনেস ফর পিস পুরস্কার বিজয়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আইনটি চূড়ান্ত করার আগে আইসিএবির মতামত গুরুত্বসহকারে বিবেচনার জন্য আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানান।রাজধানীর কারওয়ান বাজারে আইসিএবির নিজস্ব কার্যালয়ে আয়োজিত ‘উদ্যোক্তা ও ব্যবসায়িক নৈতিকতা’ বিষয়ক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সাবেক সভাপতি হুমায়ুন কবীর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম আর সম্মেলন সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাবেক সভাপতি এ কে এম রফিকুল ইসলাম।আইনমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের উদ্যোক্তারা শিল্প ও ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি রাজস্ব খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, এটা ঠিক। কিন্তু এসব উদ্যোক্তার সবাই সঠিকভাবে ব্যবসায়িক নৈতিকতা মেনে চলছেন কি না, সেটা বিবেচ্য বিষয়। আমরা প্রায়ই দেখি, বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্য। এর সঙ্গেও ব্যবসায়ীদের নৈতিকতার বিষয়টি জড়িত। পাশাপাশি উদ্যোক্তারা সঠিকভাবে কর পরিশোধ করছেন কি না, এসব বিষয়ও ব্যবসায়িক নৈতিকতার সঙ্গে যুক্ত। তাই সব বিষয়েই নৈতিকতার পরিচয় দিতে হবে।’লতিফুর রহমান বলেন, ব্যবসায়িক নৈতিকতার সঙ্গে মূল্যবোধের চর্চার বিষয়টিও জড়িত। দীর্ঘ মেয়াদে ব্যবসা টিকিয়ে রাখতে হলে নৈতিকতা চর্চার কোনো বিকল্প নেই। পাশাপাশি ব্যবসায়ে টেকসই প্রবৃদ্ধির জন্য সামাজিক দায়বদ্ধতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।ব্যবসার নোবেল বলে খ্যাত বিজনেস ফর পিস পুরস্কার বিজয়ী লতিফুর রহমানকে গতকাল সেমিনারে আইসিএবির পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়। এ জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন লতিফুর রহমান।অনুষ্ঠানে লতিফুর রহমান জানান, এ বছর ঢাকায় সর্বোচ্চ মূল্য সংযোজন কর বা মূসকদাতা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজ।