ব্যবসায় দুর্নীতি প্রতিরোধে আইসিসি বিধি সংশোধন
আন্তর্জাতিক বাণিজ্যে দুর্নীতি রোধের অন্যতম পদক্ষেপ হিসেবে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) দুর্নীতিবিরোধী আইসিসি বিধিকে সংশোধন করেছে। বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর জোট জি-২০ সম্প্রতি ব্যবসায়ীদের প্রতি দুর্নীতি দমনে পদক্ষেপ নেওয়ার আহ্বানে সাড়া দিয়ে আইসিসি এই বিধি সংশোধন করে।গতকাল মঙ্গলবার প্যারিসে আইসিসির প্রধান কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন এসব বিধির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান দুর্নীতি প্রতিরোধে যেমন ব্যবস্থা নিতে পারবে, তেমনি উৎকোচ ও চাপ নিরসনে শক্তিশালী পদক্ষেপ নিতে পারবে।আইসিসি বলছে, অর্থনীতিকে স্থিতিশীলকরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য ও কর্মসংস্থান উদ্দীপ্তকরণে জি-২০ জোটের প্রয়াসে অবশ্যই দুর্নীতিজনিত কারণে অর্থনীতির যে অপচয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।বিশ্বব্যাংকের হিসাব অনুসারে, দুর্নীতি ১ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দেয়। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিবেদন অনুসারে, তুলনামূলকভাবে দুর্নীতিমুক্ত দেশগুলোর তুলনায় দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে বিনিয়োগ অন্তত ৫ শতাংশ হারে কমেছে।আইসিসি বলছে, দুর্নীতিবিরোধী কর্মসূচি বাস্তবায়নে জি-২০ নেতৃত্বদানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এর আওতায় ইউএনসিএসি অনুসমর্থন করা এবং ঘুষ-দুর্নীতিচর্চাকে ব্যর্থ করার জন্য বিভিন্ন আইনকানুন অন্তর্ভুক্ত। আইসিসি জি-২০ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তাঁরা ইউএনসিএসি দৃঢ়ভাবে অনুসমর্থন করেন এবং যেসব রাষ্ট্র জি-২০-ভুক্ত নয় সেসব রাষ্ট্রকেও এর সর্বজনীন গ্রহণ ও বাস্তবায়ন উৎসাহিত করেন। দুর্নীতি দমনে আইসিসির বিধিগুলো বেসরকারি খাতের জন্য একটি আন্তর্জাতিক মান দিয়েছে। এ ছাড়া ইউএনসিএসির চাহিদা অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ব্যবসায়ীদের প্রচেষ্টা বাস্তবায়নেও এই বিধি সহায়ক হবে। বিশ্ববাণিজ্যে প্রতিনিধিত্বকারী আইসিসিই প্রথম প্রতিষ্ঠান, যারা দুর্নীতিবিরোধী বিধি চালু করেছে। ১৯৭৭ সালে এই বিধির প্রথম সংস্করণ প্রকাশিত হয়। আইসিসির সংশোধিত বিধির প্রথম অংশে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর স্বতন্ত্র বিধি; দ্বিতীয় অংশে পরিপালন সহায়তা করতে করপোরেট নীতি; এবং তৃতীয় অংশে করপোরেট পরিপালন কর্মসূচির গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে। নভেম্বরে ফ্রান্সের কানে অনুষ্ঠেয় বি-২০ এবং জি-২০ সভা সামনে রেখে আইসিসির সংশোধিত বিধিগুলোর প্রকাশনা খুবই সময়োপযোগী পদক্ষেপ বলে আইসিসি মনে করে।