সভাপতি, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনকোম্পানি আইনে প্রশাসক নিয়োগের ক্ষমতা সরাসরি সরকারের হাতে দেওয়ার বিধান সংযোজন করায় তিনজন ব্যবসায়ী নেতা প্রথম আলোর কাছে তাঁদের প্রতিক্রিয়া ও অভিমত জানিয়েছেন, যা এখানে তুলে ধরা হলোবেসরকারি কোম্পানিতে প্রশাসক নিয়োগে বিশেষ ধারা সংযোজনের জন্য আইন সংশোধনের সরকারের নীতিগত সিদ্ধান্তটি ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে। সরকারের প্রশাসক নিয়োগের বিশেষ বিধানটি শেষ পর্যন্ত কোম্পানি আইনে সংযোজিত হলে তাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হবে। এ ছাড়া আইনের এই বিধানটির অপব্যবহার বা রাজনৈতিক ব্যবহারেরও আশঙ্কা রয়েছে। এ ধরনের একটি বিধান সংযোজনের আগে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলের, বিশেষত ব্যবসায়ীদের মতামত নেওয়ার দরকার ছিল। কিন্তু সেটি করা হয়নি। তার পরও আমি মনে করি, আইনটির চূড়ান্ত সংশোধনের আগে সরকার ব্যবসায়ীদের মতামতকে বিশেষ গুরুত্ব দেবে। ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমরা এ ধরনের বিধান সংযোজনের বিরোধিতা করি। এ ছাড়া মন্ত্রিসভায় অনুমোদিত কোম্পানি আইনের সংশোধনী প্রস্তাবে বেসরকারি কোম্পানিতে সরকার নিযুক্ত প্রশাসককে দায়মুক্তি দেওয়া হয়েছে। এমন বিধানের সঙ্গেও আমরা একমত নই। ডেসটিনি গ্রুপে সরকার প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সেটিকে আমরা সাধুবাদ জানাই। তবে এ জন্য আইন সংশোধন করে বেসরকারি সব কোম্পানিতে প্রশাসক নিয়োগের বিধান করা মোটেই কাঙ্ক্ষিত নয়। নতুন বিধানটি কার্যকর করা হলে তা বিনিয়োগের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করবে। সর্বোপরি বিদ্যমান কোম্পানি আইন অনুযায়ী সরকার আদালতের নির্দেশনা নিয়ে যেকোনো কোম্পানিতে প্রশাসক নিয়োগ করতে পারে। সে সুযোগ রয়েছে। এ জন্য আইন সংশোধনের কোনো প্রয়োজন ছিল না।