বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আগামী ডিসেম্বর মাসে ঢাকায় আয়োজন করতে যাচ্ছে ‘কমিউনিকেশন সামিট-২০১১’। এই সম্মেলনে ব্যবসার প্রকৃতি অনুসারে যোগাযোগ ব্যবস্থাপনার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তাকে ফুটিয়ে তুলে অভিজ্ঞতা বিনিময় করা হবে।জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আয়োজকেরা। কমিউনিকেশন সামিটে দি সিটি ব্যাংক প্লাটিনাম পার্টনার হিসেবে ব্র্যান্ড ফোরামের সহযোগী হিসেবে কাজ করছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম, উপদেষ্টা নাজিয়া আন্দালিব প্রেমা, দি সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ডস নাজমুল করিম চৌধুরী, এয়ারটেলের হেড অব কমিউনিকেশন ইমরান আজিজ এবং এখনি ডটকমের মো. আতিক।সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে সামিট এবং ৭ ও ৮ ডিসেম্বর কর্মশালা অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিজ্ঞাপনী সংস্থা, গণযোগাযোগ সংস্থার শীর্ষ ব্যবস্থাপক, বিপণন বিভাগের প্রধান, হিসাব ব্যবস্থাপক প্রমুখ অংশ নেবেন।আয়োজকেরা জানান, মূল বক্তা হিসেবে থাকবেন ইউকের ইন্টারব্র্যান্ড গ্লোবালের ম্যানফ্রেড আব্রাহাম, সিঙ্গাপুরের অ্যাড এশিয়ার এডিটর ও ক্রিয়েটিভ সার্কেল অব সিঙ্গাপুরের চেয়ারম্যান এল্যান জি ম্যুর, গ্রে গ্রুপ এশিয়া প্যাসিফিকের চেয়ারম্যান ও সিইও নিরভিক সিং, এনআইআইটি ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রামান ঝা।সম্মেলনের সহযোগীদের মধ্যে আছে এয়ারটেল, কেএসআরএম, ইউল্যাব, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, কনসিটো পিআর, এখনি ডট কম, অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং রোয়ারিং লায়নস।