ব্যবসায়িক প্রতারণা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখনো ভোগ্যপণ্যের বড় বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। সারা দেশের ভোগ্যপণ্যের (পেঁয়াজ ছাড়া) ৪৩ শতাংশই লেনদেন হয় এ বাজারে, গত অর্থবছরের হিসাবে যার পরিমাণ ১১ হাজার ২২১ কোটি টাকা। এই পণ্য তিন দফায় হাতবদল হয়—সেই হিসাব করলে বছরে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৫ হাজার কোটি টাকা। এই বড় বাজারই এখন নষ্ট করে দিচ্ছেন ছোট-বড় অনেক ব্যবসায়ী।
এত দিন ছোট ব্যবসায়ীরা লাপাত্তা হলেও এবারে শিল্প গ্রুপ বা আমদানিকারক পর্যায়েও একই নজির তৈরি করেছে ইয়াছির গ্রুপ নামের একটি গোষ্ঠী। এ গ্রুপের কর্ণধার মোজাহের হোসেন ৬৩১ কোটি টাকা বকেয়া রেখে বিদেশে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এটি এ ধরনের সবচেয়ে বড় ঘটনা।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হিসাবমতে, ২০০৮ সালের পর থেকে মূলত ব্যবসায়ীদের প্রতারণার হার বাড়তে থাকে। গত পাঁচ বছরে প্রায় এক হাজার ৫০ কোটি টাকা পাওনা রেখে অন্তত ২২টি প্রতিষ্ঠান লাপাত্তা হয়েছে। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে কিছু টাকা আদায় হলেও অন্য কেউ এক কানাকড়িও দেয়নি। যে কারণে প্রতারণার শিকার অনেক প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম মনে করেন, এ ধরনের প্রতারণার ঘটনায় প্রথমেই ক্ষতির শিকার হন ব্যবসায়ীরা। কারণ, এতে বাজারে সুস্থ প্রতিযোগিতা নষ্ট হয়ে যায়। নতুন উদ্যোক্তারাও এ ব্যবসায় আসতে চাইবেন না। বাজারে সুস্থ প্রতিযোগিতা না থাকলে প্রতিযোগিতামূলক দামও নিশ্চিত হয় না। আর শেষ ধাপে ভোক্তারা সাশ্রয়ী দাম পাওয়ার ক্ষেত্রে ক্ষতির শিকার হবেন।
প্রতারণার শিকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো মামলা করেও পাওনা টাকা আদায়ে ব্যর্থ হচ্ছেন। যেমন, ২০১১ সালে ‘চৌধুরী এন্টারপ্রাইজ’ ও ‘চৌধুরী অ্যান্ড ব্রাদার্স’-এর পাঁচ ভাইয়ের প্রতারণার শিকার হয়েছেন ৪৫ জন ব্যবসায়ী। মামলা করেও তাঁদের কেউ টাকা পাননি। এর মধ্যে চার ব্যবসায়ী ব্যবসাই গুটিয়ে নিয়েছেন।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান হোসাইন অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মীর মোহাম্মদ হাসান সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘টাকা তো পাইইনি, বরং মামলার পেছনে ছুটতে গিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ বাড়ছে।’ এ ছাড়া উচ্চ আদালতে রিটের কারণে মামলার কার্যক্রমও স্থগিত আছে বলে জানান তিনি।
সর্বশেষ ইয়াছির গ্রুপের কর্ণধার পালিয়ে গিয়ে সর্বনাশ করেছেন ২৯ ব্যবসায়ীর। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি বাণিজ্যিক ব্যাংকও। এ ধরনের টাকা আদায়ের খুব নজির নেই বলে জানান ব্যবসায়ীরা। ইয়াছির গ্রুপের একটি ময়দার কারখানা ও একটি পলিথিনের কারখানা রয়েছে।
এ বিষয়ে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন, প্রতারকদের কারও দ্রুত বিচার নিশ্চিত হলেই কেউ এ ধরনের প্রতারণা করার সাহস পাবে না।
বন্দর ও কাস্টম হাউসের হিসাব অনুযায়ী আত্মগোপনকারী ব্যবসায়ী মোজাহের হোসেনের প্রতিষ্ঠান ইয়াছির গ্রুপ ভোগ্যপণ্য আমদানির তালিকায় অষ্টম অবস্থানে ছিল। তাঁর দুটি প্রতিষ্ঠান ইয়াছির এন্টারপ্রাইজ ও শাপলা ফ্লাওয়ার মিলসের নামে গত ২০১২-১৩ অর্থবছরে ৪৩৭ কোটি টাকা মূল্যের এক লাখ চার হাজার টন ভোগ্যপণ্য আমদানি হয়।
একসময় সারা দেশের আমদানিনির্ভর ভোগ্যপণ্যের সিংহভাগ নিয়ন্ত্রিত হতো খাতুনগঞ্জ বাজার থেকে। তবে এখনো চট্টগ্রামেই আমদানিকারকের সংখ্যা বেশি। গত অর্থবছরের চট্টগ্রামের ৪৭৮টি প্রতিষ্ঠান ভোগ্যপণ্য আমদানি করেছে। আর ঢাকার আমদানিকারক ২৯৬।