ব্যবসায়িক বুদ্ধিতে সেরা মাইকেল পোর্টার

ব্যবসায় প্রশাসনের যেকোনো পর্যায়ের শিক্ষার্থীর কাছে খুব পরিচিত একটি নাম মাইকেল পোর্টার। বিশ্বখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলের এ অধ্যাপককে বলা হয় ‘আধুনিক ব্যবসা কৌশলের জনক’। তাঁর উদ্ভাবিত ‘পোর্টারস ফাইভ ফোর্সেস’ না পড়ে ব্যবসায় প্রশাসনে বিবিএ বা এমবিএ ডিগ্রি নিয়েছেন এমন ছাত্র খুঁজে পাওয়া কঠিন। প্রবাদতুল্য এ শিক্ষক, গবেষক ও পরামর্শক চলতি বছর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বাণিজ্যিক চিন্তাবিদ বা বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক ব্যবসা পরামর্শক প্রতিষ্ঠান থিংকার্সফিফটির তৈরি শীর্ষ ৫০ ‘বিজনেস থিংকার’ বা ব্যবসায়িক চিন্তাবিদের তালিকায় মাইকেল পোর্টার এ স্থান পেয়েছেন। এ পুরস্কারকে বলা হয় ব্যবসা ও ব্যবস্থাপনার অস্কার। ২০০১ সালে চালু হওয়া এ পুরস্কার প্রতি বেজোড় সালে ঘোষণা করা হয়।
সেরা ব্যবসায়িক চিন্তাবিদদের এ ক্রমতালিকা বা র্যা ঙ্কিং তৈরিতে প্রথমে সাধারণের ভোট নেওয়া হয়। থিংকার্সফিফটির ওয়েবসাইটে এ বছর ২০ হাজার লোকের ভোট নেওয়া হয়েছে। আগের বছরের র্যা ঙ্কিংয়ে ছিলেন অথবা এর বাইরের যেকোনো বুদ্ধিজীবীকে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়। এরপর একটি বিশেষজ্ঞ পরামর্শক দল ভোট ও নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে এ র্যা ঙ্কিং নির্বাচন করেন।
র্যা ঙ্কিং তৈরিতে যে বিষয়গুলো বিবেচনা করা হয়েছে সেগুলোর মধ্যে ছিল চিন্তা বা তত্ত্বের প্রাসঙ্গিকতা, গবেষণার গভীরতা, আইডিয়ার উপস্থাপন, আইডিয়ার সংখ্যা, আন্তর্জাতিক ব্যাপ্তি, আইডিয়ার স্বকীয়তা, প্রভাব, বাস্তব প্রয়োগ, ব্যবসায়িক সংশ্লিষ্টতা ও উৎসাহিত করার ক্ষমতা। প্রথম পাঁচটি সূচক একজন প্রার্থীর গত দুই বছরের কাজ মূল্যায়নে ব্যবহার করা হয়েছে। আর একজন প্রার্থীর সার্বিক কাজ মূল্যায়নে বাকি সূচকগুলো ব্যবহৃত হয়েছে।
এ বছর শীর্ষ স্থান পাওয়া মাইকেল পোর্টার সর্বশেষ র্যা ঙ্কিংয়ে সপ্তম স্থানে ছিলেন। বিশ্বের বড় বড় বেশ কয়েকটি করপোরেট প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যের নেপথ্যের কারিগর হিসেবে কাজ করেছেন তিনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশের সরকারি ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত কৌশল ও নীতিমালা তৈরিতেও পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। যেকোনো প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার জন্য পোর্টারের ফাইভ ফোর্সেস তত্ত্বের বহুল ব্যবহার এখনো চলমান। বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো সামাজিকভাবে দায়বদ্ধ থেকেও যে লাভজনকভাবে ব্যবসা করতে পারে, এই ধারণার অন্যতম প্রবর্তক তিনি।
এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন হার্ভার্ডের আরেক অধ্যাপক ক্লেটন ক্রিস্টেনসেন। ২০১১ ও ২০১৩ সালের র্যা ঙ্কিংয়ে তিনি শীর্ষে ছিলেন। ১৯৯৭ সালে তাঁর রচিত দ্য ইনোভেটরস ডিলেমা বইটি ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ কাজ। ব্যবসার ক্ষেত্রে প্রযুক্তির ক্রম পরিবর্তন ও এর সঙ্গে মানিয়ে চলতে না পারলে বড় যেকোনো করপোরেট প্রতিষ্ঠানই যে ধসে যেতে পারে, সেটি তুলে ধরেছেন ক্লেটন।
তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন ফ্রান্সের ইনসিড বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক ডব্লিউ চ্যান কিম ও রেনে মাওবর্ন। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলা বই ব্লু ওশেন স্ট্র্যাটেজি-এর যৌথ লেখক এ দুই অধ্যাপক। সমুদ্রভিত্তিক নীল অর্থনীতির ওপর করপোরেট প্রতিষ্ঠানগুলোকে জোর দেওয়ার বিষয়টি তাঁরাই প্রথম তুলে ধরেন। নীল অর্থনীতির এ ধারণা বড় বড় বহুজাতিক কোম্পানি ও বিভিন্ন দেশের সরকার অনেকটা লুফে নেয়।
কানাডার প্রযুক্তিগুরু ডন ট্যাপস্কট তালিকায় চতুর্থ স্থান পেয়েছেন। ইন্টারনেটের বাণিজ্যিক ব্যবহার কীভাবে বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধান করতে পারে সে বিষয়ে তাঁর অনেক কাজ আছে।
করপোরেট নির্বাহীদের কোচ হিসেবে খ্যাত মার্শাল গোল্ডস্মিথ এ তালিকার পাঁচ নম্বরে আছেন। ব্যবসা ও গ্রাহক সমস্যা সমাধানে তাঁর উদ্ভাবিত ‘৩৬০ ডিগ্রি অ্যাপ্রোচ’ এখন বেশ জনপ্রিয়। ব্যবসায়িক নেতৃত্ব, কৌশলসহ বিভিন্ন বিষয়ে ৩০টিরও বেশি বই লিখেছেন তিনি। ১৯৯৬ সালে প্রকাশিত দ্য লিডারস অব দ্য ফিউচার বিশ্বের ২৫টি ভাষায় অনূদিত হওয়া তাঁর সবচেয়ে জনপ্রিয় বই।
এ তালিকার শীর্ষ দশে থাকা অন্যদের মধ্যে হার্ভার্ড, কলম্বিয়া বিজনেস স্কুলের নামকরা অধ্যাপকেরা আছেন।