ব্যবসায়িক সভায় মুখ্য হয়ে উঠল ভিসা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিপক্ষীয় আলোচনা সভায় এসে এফবিসিসিআইয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশের ব্যবসায়ীদের অপেক্ষায় ঢাকায় ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্র্যান ভ্যান খোয়াসহ (ডানে) প্রতিনিধিদল। অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময় ছিল বেলা ৩টা। ছবিটি ৩টা ১১ মিনিটে তোলা l প্রথম আলো
দ্বিপক্ষীয় আলোচনা সভায় এসে এফবিসিসিআইয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশের ব্যবসায়ীদের অপেক্ষায় ঢাকায় ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্র্যান ভ্যান খোয়াসহ (ডানে) প্রতিনিধিদল। অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময় ছিল বেলা ৩টা। ছবিটি ৩টা ১১ মিনিটে তোলা l প্রথম আলো

অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময় ছিল বেলা তিনটা। ভিয়েতনামের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল নির্ধারিত সময়ের কয়েক মিনিট পরেই সম্মেলনকক্ষে প্রবেশ করে আসন গ্রহণ করে। কিন্তু দলটি যাঁদের সঙ্গে ব্যবসায়িক আলোচনা করবে, সেই বাংলাদেশি ব্যবসায়ীদের কেউ উপস্থিত ছিলেন না সম্মেলনকক্ষে। তাই আলোচনার টেবিলের এক পাশ ছিল পরিপূর্ণ, অন্য পাশ সম্পূর্ণ খালি।

বাংলাদেশ সফররত ভিয়েতনামের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে এ দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) এই আলোচনা সভা গতকাল বুধবার মতিঝিলে ফেডারেশন ভবনে আয়োজন করা হয়।

কথা ছিল ভিয়েতনামের প্রতিনিধিরা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ দেশে পণ্য রপ্তানি অথবা আমদানির জন্য ব্যবসায়িক সংযোগ স্থাপন করবেন; কিন্তু প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের সভায় মূল আলোচনার বিষয় হয়ে ওঠে ভিসা। বাংলাদেশের ব্যবসায়ীরা একের পর এক ভিয়েতনামের রাষ্ট্রদূতের কাছে দীর্ঘমেয়াদি ভিসা, ব্যবসায়ীদের জন্য ভিসা ছাড়া গমনের সুবিধা দাবি করেন। একপর্যায়ে এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এক কথা বারবার বলা কোনো অর্থ তৈরি করে না।

ভিয়েতনামের প্রতিনিধিরা যখন অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন, তখন এফবিসিসিআইয়ের পরিচালকদের কেউ উপস্থিত ছিলেন না। ৩টা ১৩ মিনিটে প্রবেশ করেন সংগঠনটির পরিচালক হেলেনা জাহাঙ্গীর, যিনি প্রায় সব অনুষ্ঠানেই নিয়মিত উপস্থিত থাকেন। দুই মিনিট পর প্রবেশ করেন পরিচালক আবু নাসের। কিছুক্ষণ পরে আসেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মুনতাকিম আশরাফ।

সভাপতি সফিউল ইসলাম প্রবেশ করেন ৩টা ২০ মিনিটে। তাঁর সঙ্গে আসেন এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ। এরপরই আলোচনা শুরু হয়।

শুরুতে বক্তব্য দেন সফিউল ইসলাম। তিনি বলেন, ভিয়েতনাম রপ্তানি খাতে বাংলাদেশের প্রতিযোগী। তারপরও দুই দেশ একে অপরকে বিভিন্নভাবে সহায়তা করতে পারে। বাংলাদেশকে ভিয়েতনাম প্রযুক্তি দিতে পারে।

বাংলাদেশে কৃষিপণ্যের প্রচুর উৎপাদন, ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি, বিদেশি বিনিয়োগে নানা প্রণোদনা ইত্যাদি বিষয়ের কথা উল্লেখ করে এফবিসিসিআইয়ের সভাপতি ভিয়েতনামের ব্যবসায়ীদের এ দেশে বিনিয়োগের আহ্বান জানান।

ঢাকায় ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্র্যান ভ্যান খোয়া বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির এটাই উপযুক্ত সময়।

ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া ও আফ্রিকার উপমহাপরিচালক দো হু উ আশা প্রকাশ করেন, বাংলাদেশে ভিয়েতনামের ব্যবসায়ীদের সত্যিকার অংশীদার খুঁজে পেতে এফবিসিসিআই সহায়তা করবে।

অনুষ্ঠানে বিভিন্ন সময়ে এফবিসিসিআইয়ের সাতজন পরিচালক উপস্থিত হন। একজন আসেন পৌনে চারটার দিকে। এ ছাড়া কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতা ও কার্যালয়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

ব্যবসায়িক সংযোগের আলোচনায় ভিয়েতনামের পক্ষ থেকে একজন ব্যবসায়ী জানতে চান, রড উৎপাদনের একটি কাঁচামাল আমদানিতে আগ্রহী কেউ আছেন কি না। জবাবে এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম বলেন, ‘বাংলাদেশে ৩৮৫টি পণ্যভিত্তিক সমিতি আছে, আপনাদের সুনির্দিষ্ট কাউন্টার পার্ট এখানে উপস্থিত নেই। আপনাদের প্রস্তাব রড উৎপাদনকারী সমিতিকে জানানো হবে।’ ভিয়েতনামের এক ব্যবসায়ীর দুধ রপ্তানির সমস্যার বিষয়টিও সংশ্লিষ্ট সংস্থাকে জানানোর আশ্বাস দেন তিনি।

বাংলাদেশের পক্ষ থেকে একজন জানতে চান, ভিয়েতনাম পর্যাপ্ত লাইম স্টোন সরবরাহ করতে পারবে কি না। জবাবে ভিয়েতনামের পক্ষ থেকে বলা হয়, সেটা সম্ভব। বাকি সময়ের বেশির ভাগ ক্ষেত্রে ভিসা নিয়ে কথা বলেন বাংলাদেশের ব্যবসায়ীরা। অনুষ্ঠান শেষে ধন্যবাদসূচক বক্তব্যে এফবিসিসিআইয়ের সহসভাপতি মুনতাকিম আশরাফ বলেন, ‘খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে।’