ব্যবসায়িক সুবিধা যেন রাজস্ব আদায়ের হাতিয়ার না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এ দেশে ব্যবসা-বাণিজ্য ও নতুন বিনিয়োগকে রাজস্ব আদায়ের হাতিয়ার হিসেবে চিন্তা করা হয়। এই মানসিকতা থেকে বেরোতে না পারলে দেশে কাঙ্ক্ষিত হারে বিনিয়োগ বাড়বে না। সে জন্য ব্যবসায়িক সুযোগ-সুবিধা (ট্রেড ফ্যাসিলিটেশন) শুধু রাজস্বমুখী না করে শিল্প ও বিনিয়োগমুখী করতে হবে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাণিজ্যিক সুযোগ-সুবিধা: টেকসই উন্নয়ন নিশ্চিতে চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক এক সেমিনারে এমন মতামতই উঠে এসেছে।
রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএসএআইডির উপপ্রধান খায়রুজ্জামান মজুমদার।
মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে ব্যবসায়িক সুযোগ-সুবিধা প্রাপ্তির অন্যতম প্রতিবন্ধকতা হলো ধীরগতির শুল্কায়ন প্রক্রিয়া, দুর্বল যোগাযোগ অবকাঠামো এবং আমদানি-রপ্তানিতে প্রয়োজনীয় অনুমতিপত্র পেতে দীর্ঘসূত্রতা। এতে জানানো হয়, বাণিজ্য উদারীকরণে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নির্ধারিত ৩৮টি মানদণ্ডের মধ্যে বাংলাদেশ সম্পূর্ণভাবে তিনটি অর্জন করতে পেরেছে। ২০১৩ সালে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ডব্লিউটিওর নবম সম্মেলনে এসব মানদণ্ড নির্ধারণ করা হয়।
এ ছাড়া পণ্যের শুল্কায়ন প্রক্রিয়া আগের চেয়ে আধুনিক করা হলেও তা এখনো অনেক সময়সাপেক্ষ ও ব্যয়বহুল বলে প্রবন্ধে উল্লেখ করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, বিশ্বের যেসব দেশে করপোরেট করহার সবচেয়ে বেশি, তার একটি হলো বাংলাদেশ।
মসিউর রহমান বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে হলে দেশি-বিদেশি বিনিয়োগের প্রয়োজন। অনেক দেশের তুলনায় বাংলাদেশে ট্যাক্স রেট (করের হার) বেশি, এটি কমিয়ে আনতে হবে। এটা না করতে পারলে বিদেশি বিনিয়োগকারীরা অন্য দেশে চলে যাবেন। সরকারের আইনে আছে—যদি কেউ ব্যবসায়িক ক্ষেত্রে অপরাধ করে, তার ভারী শাস্তি দেওয়া যাবে না। ভোগ্যপণ্যের ওপর ভ্যাট বসতে পারে, কিন্তু বিনিয়োগের ওপর ভ্যাট বসানো যাবে না।
পণ্য খালাসের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যে জটিলতা রয়েছে, তা শুধু কর্মকর্তাদের জন্য হচ্ছে এটা বলা যাবে না। এ ক্ষেত্রে ব্যবসায়ীদেরও স্বচ্ছতার অভাব আছে।
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘ট্রেড ফ্যাসিলিটেশন বা ব্যবসায়িক সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে ডব্লিউটিওতে যেসব সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অনেক এগিয়েছি। তবে এটা সত্য যে এনবিআরের একার পক্ষে ট্রেড ফ্যাসিলিটেশন বাস্তবায়ন করা সম্ভব নয়। এর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ সরকারের অনেক গুরুত্বপূর্ণ বিভাগও জড়িত আছে।’
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ট্রেড ফ্যাসিলিটেশন বাস্তবায়নের জন্য এ দেশে চার ধরনের সমস্যা রয়েছে। এগুলো হলো: নীতিগত সমস্যা, নীতি বাস্তবায়নের সমস্যা, সমন্বয়ের সমস্যা ও জ্ঞানের অভাব। তিনি আরও বলেন, ট্রেড ফ্যাসিলিটেশন বাস্তবায়নের জন্য কী পরিমাণ সম্পদ প্রয়োজন, তা নির্ধারণ করতে হবে, নতুবা এর বাস্তবায়ন সম্ভব হবে না।
সম্মেলনে আরও বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর প্রথম সহসভাপতি এ এইচ আসলাম সানি ও সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম।