ব্যবসায়ী উইলিয়াম সো গোর বিষয়ে সিদ্ধান্ত ২৯ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইলিয়াম সো গো
উইলিয়াম সো গো

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফিলিপাইন থেকে পাচারের ঘটনার মূল ব্যক্তিকে খুঁজে বের করতে আগামী মঙ্গলবার দেশটির সিনেটে তৃতীয় শুনানি অনুষ্ঠিত হবে। এই শুনানিতে অন্যতম সন্দেহভাজন ব্যবসায়ী উইলিয়াম সো গোর সম্পৃক্ততার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ফিলিপিনো গণমাধ্যম র্যাপলারকে জানিয়েছেন সিনেট ব্লু রিবন কমিটির প্রধান তেওফিস্তো গুইংগোনা।
মঙ্গলবারের শুনানির কার্যতালিকা সম্পর্কে র্যাপলারকে তেওফিস্তো গুইংগোনা বলেন, ‘পরবর্তী শুনানিতে উইলিয়াম সো গোর বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই। চুরি যাওয়া অর্থ ব্যাংক হিসাব থেকে ছেড়ে দিতে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) সিদ্ধান্তগত বিচ্যুতি এবং বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমের সম্পৃক্ততার বিষয়েও শুনানিতে আলোচনা হবে।’
উইলিয়াম গোর মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান সেঞ্চুরিটেক্স ট্রেডিংয়ের নামে খোলা ব্যাংক হিসাব ব্যবহার করেই আরসিবিসি থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার সরানো হয়। অভিযুক্ত এ ব্যবসায়ীর বিষয়ে বর্তমানে আলাদা তদন্ত করছে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) ও সিনেট ব্লু রিবন কমিটি।
তবে উইলিয়াম গো সব সময়ই ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে এসেছেন। ঘটনার জন্য আরসিবিসির শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো ও সহকারী ব্যবস্থাপক অ্যাঞ্জেলা তোরেসকে অভিযুক্ত করে ইতিমধ্যেই ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন গো। খুব শিগগির এই দুজনের বিরুদ্ধে মামলা করারও ঘোষণা দিয়েছেন গোর আইনজীবী।
ফিলিপাইনের গণমাধ্যমকে উইলিয়াম গো বলছেন, অনুমতি না নিয়ে তাঁর নামে খোলা ব্যাংক হিসাব ব্যবহার করে এবং ভুয়া কাগজপত্রের মাধ্যমে মায়া সান্তোস আরসিবিসি থেকে অর্থ সরিয়েছেন। এ বিষয়ে চুপ থাকার জন্য মায়া সান্তোস তাঁকে ১ কোটি ফিলিপিনো পেসো ঘুষ সাধেন বলেও সিনেটের আগের শুনানিতে জানান গো।
তবে সিনেটের শুনানিতে মায়া সান্তোস দেগুইতো ব্যবসায়ী উইলিয়াম গোই তাঁর কাছে ঘুষ চেয়েছিলেন বলে দাবি করেন। মায়া সান্তোস বলেন, চুপ থাকার জন্য ৮ কোটি ১০ লাখ ডলারের ১০ শতাংশ অর্থাৎ ৮১ লাখ ডলার ঘুষ হিসেবে চান উইলিয়াম গো।
বাংলাদেশ ব্যাংকের অনুরোধের পরও আরসিবিসি কেন চারটি হিসাব থেকে ৮ কোটি ১০ লাখ ডলার যেতে দিল, এ বিষয়েও আগামী শুনানিতে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন সিনেট কমিটির প্রধান তেওফিস্তো গুইংগোনা।
অর্থ ছাড় বন্ধে গত ৮ ফেব্রুয়ারি ফিলিপাইনের রিজাল ব্যাংককে অনুরোধ করে ই-মেইল পাঠায় বাংলাদেশ ব্যাংক। ওই দিন ফিলিপাইনে সরকারি ছুটি থাকায় বাংলাদেশ ব্যাংকের ওই অনুরোধ আরসিবিসির হাতে আসে ৯ মার্চ। এমন অনুরোধের পরও অর্থ ছাড় করে আরসিবিসি।
এ বিষয়ে তেওফিস্তো গুইংগোনা বলেন, ৮ কোটি ১০ লাখ ডলার যে অবৈধ উৎস থেকে এসেছে, বিষয়টি জানার পরও আরসিবিসি কেন সেই অর্থ যেতে দিল এবং স্থানীয় মুদ্রায় পরিবর্তন করতে দিল—এসব প্রশ্নের উত্তর খোঁজা হবে।
ফিলরেমের বিষয়ে সিনেটর গুইংগোনা বলেন, আরসিবিসি থেকে সব অর্থই চলে যায় তাদের কাছে। কীভাবে, কোন প্রক্রিয়ায় তাদের কাছে অর্থ গেল, সে বিষয়ে অনেক কিছু জানার বাকি আছে। অর্থ পাচারে আরসিবিসি ও ফিলরেমের সংশ্লিষ্টতার বিষয়েও জানতে চাইবে সিনেট। মায়া সান্তোস দেগুইতোর সঙ্গে ফিলরেমের ঘনিষ্ঠতার বিষয়েও জানতে চাওয়া হবে।
এর আগে ১৭ মার্চের শুনানিতে ফিলরেমের প্রধান সালুদ বাতিস্তা ১ কোটি পেসো বাংলাদেশকে ক্ষতিপূরণ হিসেবে ফেরত দেওয়ার আগ্রহ দেখান। যদিও ফিলরেমের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বাংলাদেশ।
আগামী মঙ্গলবারের শুনানিতে আরেক অভিযুক্ত ব্যবসায়ী কিম ওয়ং প্রথমবার অংশ নেবেন। শুনানিতে অংশ নিতে গত সপ্তাহে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন কিম ওয়ং।