ব্যবসায়ী ঐক্য ফোরামের কর্মবিরতি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্য সংযোজন কর (মূসক) কমানোর দাবিতে আজ বুধবার সকাল-সন্ধ্যা কর্মবিরতি পালন করবে ব্যবসায়ী ঐক্য ফোরাম। এ জন্য ঢাকা মহানগরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সামনে গত রোববার এক প্রতিবাদ সমাবেশে এ কর্মসূচি দিয়েছিল ঐক্য ফোরাম। গতকাল মঙ্গলবার সংগঠনটির নেতারা জানান, কর্মসূচি পালনে অংশগ্রহণ নিশ্চিত করতে তাঁরা গতকাল দিনভর বিভিন্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করেছেন।
ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সর্বাত্মকভাবে এ কর্মসূচি পালিত হবে। ঢাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিশেষ করে প্রধান প্রধান ব্যবসাকেন্দ্রে জোরালোভাবে এ কর্মসূচি পালিত হবে। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি দোকানপাট বন্ধ রাখতে সম্মত হয়েছে।
নতুন মূসক আইনে প্যাকেজ মূসক-ব্যবস্থা অন্তর্ভুক্ত করা, মূসকের পরিমাণ কমানো, লেনদেন সীমা তুলে নেওয়াসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। চলতি বছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন মূসক আইনের বাস্তবায়ন এক বছর পিছিয়ে দিলেও সর্বনিম্ন প্যাকেজ মূসকের পরিমাণ ঢাকায় ১৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করেন। পাশাপাশি লেনদেন সীমা ৮০ লাখ টাকা নির্ধারণ করে দেন। এসব নিয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আপত্তি করছেন।
মূসক নিয়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গঠিত ব্যবসায়ী ঐক্য ফোরাম গত মে মাসে এক দফায় অর্ধদিবস কর্মবিরতি পালন করেছিল। গত রোববারের প্রতিবাদ সমাবেশে তারা আজকের কর্মবিরতি কর্মসূচি ছাড়াও সরকারকে ২০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এ সময়ে দাবি পূরণ না হলে লাগাতার ধর্মঘটের হুমকিও দিয়েছে তারা।
ফোরামের সহসভাপতি ও ঢাকা চেম্বারের পরিচালক আলাউদ্দিন মালিক প্রথম আলোকে বলেন, আজ মূল কর্মসূচি পালিত হবে পুরান ঢাকার চকবাজারে। সেখানে ফোরামের নেতারা উপস্থিত থাকবেন।
কর্মসূচি নিয়ে গতকাল ফোরামের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে আলাউদ্দিন মালিক বলেন, বিজ্ঞপ্তি পাঠানোর কথা ছিল। কোনো কারণে হয়তো পাঠানো হয়নি। তবে কর্মসূচি বহাল আছে। এ নিয়ে কোনো সংশয় নেই।
এদিকে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে আজ মহানগরের সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।
ব্যবসায়ী ঐক্য ফোরাম মূলত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সংগঠন। অবশ্য তাদের রোববারের কর্মসূচিতে এফবিসিসিআইয়ের সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও কয়েকজন পরিচালক বক্তব্য দেন।