গাজীপুরে স্ট্যান্ডার্ড গ্রুপের তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন স্থানে শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকাল শনিবার উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন ব্যবসায়ী ও শ্রমিক সংগঠন।
ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সভায় গতকাল পরিচালকেরা বলেন, এখনই এমন সহিংসতা বন্ধ করা না গেলে পোশাক খাতসহ সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এ খাতে বিদেশি কার্যাদেশও কমে যেতে পারে।
বাংলাদেশ চেম্বারের সভাপতি এ কে আজাদ এক বিজ্ঞপ্তিতে বলেছেন, সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা নির্ধারণ করার পরও এমন ধ্বংসাত্মক কার্যকলাপে পোশাকশিল্প হুমকির মুখে পড়েছে। তাঁর অভিযোগ, বাংলাদেশের পোশাক খাতের ব্যাপক উন্নয়ন হওয়ায় অনেক দেশের পোশাকশিল্প আশানুরূপ সফলতা পাচ্ছে না, যা তাদের ঈর্ষার কারণ।
বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পিতভাবে পোশাক কারখানাটিতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে অবিলম্বে তাঁদের শাস্তি নিশ্চিত করতে হবে।
এ ছাড়া উদ্বেগ প্রকাশ করেছে গার্মেটস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, শ্রমিক নিরাপত্তা ফোরাম, জাতীয়ভিত্তিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসমূহ এবং গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ।