ব্যবসায়ী সমিতির দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিচ্ছে এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী সমিতি ও চেম্বারগুলোর দক্ষতা বাড়াতে এসব সমিতির নেতা ও কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই মিলনায়তনে গতকাল সোমবার এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সহায়তায় তিন দিনের এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে এফবিসিসিআইয়ের ব্যবসায়ী সমিতির দক্ষতা বাড়ানোবিষয়ক স্থায়ী কমিটি। এফবিসিসিআই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়।মোস্তফা আজাদ চৌধুরী বলেন, দেশের বাণিজ্য সংগঠনগুলো ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। সংগঠনগুলো যদি অবকাঠামোগত ও লোকবলে সমৃদ্ধ না হয়, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে না। সে কারণে সংগঠনগুলের দক্ষতা বাড়ানো প্রয়োজন।অনুষ্ঠানে জানানো হয়, এফবিসিসিআইয়ের অধিভুক্ত ৭২টি জেলা চেম্বার এবং ২৯১টি খাতভিত্তিক ব্যবসায়ী সমিতি রয়েছে। এসব সমিতির ২৯ জন প্রতিনিধিকে এবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ ও উপদেষ্টা মনজুর আহমেদ উপস্থিত ছিলেন।