ব্যবসায়ী সম্মেলন পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক অস্থিরতায় করণীয় নির্ধারণে সারা দেশের ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ডাকা ব্যবসায়ীদের সম্মেলন আবারও পিছিয়েছে।সাভারে বহুতল ভবন রানা প্লাজা ধসে দুই শতাধিক নিহত এবং সহস্রাধিক ব্যক্তি আহতের ঘটনায় সহানুভূতি প্রকাশ করে এ সম্মেলন স্থগিত করেছে ব্যবসায়ীদের এ শীর্ষ সংগঠনটি।আজ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।এফবিসিসিআই জানিয়েছে, সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদের সভাপতিত্বে গতকাল এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ জরুরি বৈঠকে বসে। সভায় সর্বসম্মতিক্রমে ব্যবসায়ী সম্মেলন স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়।দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের এই সম্মেলন এ নিয়ে তিনবার পেছাল। প্রথমে ৬ এপ্রিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দিয়ে সারা দেশের ব্যবসায়ীদের চিঠি দিয়েছিল এফবিসিসিআই। হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচির কারণে তা পিছিয়ে দেওয়া হয়। সম্মেলনের দিন ঠিক করা হয় ২০ এপ্রিল। কিন্তু এর মধ্যেই ব্যবসায়ীদের বিএনপি ঘরানার অংশটি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এফবিসিসিআইকে সাক্ষাৎ দিতে সম্মত হন। এ জন্য ব্যবসায়ীদের সম্মেলন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন। তাঁর অনুরোধেই সম্মেলনের দিন পিছিয়ে ২৬ এপ্রিল শুক্রবার নির্ধারণ করা হয়। সেই সম্মেলনও পেছানো হলো।এফবিসিসিআইয়ের পর্ষদ সভায় সাভারের মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়।সভায় দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে এবং দুর্ঘটনার কারণে হরতাল প্রত্যাহার করায় বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানানো হয়।জাতীয় এ দুর্যোগের মুহূর্তে সরকার ও বিরোধী দল যেভাবে মানবতার সেবায় এগিয়ে এসেছে, ভবিষ্যতেও একইভাবে জাতীয় স্বার্থে উভয় পক্ষ সম্মিলিতভাবে কাজ করবে সে বিষয়ে এফবিসিসিআইয়ের বোর্ড সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই বলেছে, সম্মেলনের নতুন তারিখ পরবর্তী সময়ে ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হবে।