বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচন আগামী শনিবার। এবারের নির্বাচনে একটি প্রতিদ্বন্দ্বিতাকারী পক্ষ কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্যানেল। এটির নেতৃত্ব দিচ্ছেন কাজী আকরাম উদ্দিন আহ্মদ। অপর প্রতিদ্বন্দ্বিতাকারী পক্ষ গণতান্ত্রিক পরিষদকে সমর্থন দিচ্ছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক। নির্বাচন ও এফবিসিসিআইয়ের ভবিষ্যৎ নিয়ে তাঁরা কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত। প্রথম আলো: আপনি সভাপতি পদে নির্বাচন করছেন। নির্বাচিত হলে এফবিসিসিআইকে কোথায় দেখতে চান?কাজী আকরাম উদ্দিন আহ্মদ: দেশের সাড়ে তিন কোটি ব্যবসায়ীর শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এই সংগঠন থেকে তাদের সর্বোচ্চ সুবিধা দিতে হলে এটিকে ঢেলে সাজাতে হবে, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন করতে হবে। এফবিসিসিআইয়ে একটি ‘সহায়ক সেল’ গঠন করব। সেখান থেকে ব্যবসায়ীরা দেশ-বিদেশের ব্যবসাসংক্রান্ত সব ধরনের তথ্য পাবেন। গ্রামগঞ্জের চেম্বারগুলোর ভবন নির্মাণ করতে হবে। যেসব স্থানে অসমাপ্ত অবকাঠামো রয়েছে, সেগুলো সমাপ্ত করা হবে, যাতে গ্রামে বসেই ব্যবসায়ীরা তাঁর ব্যবসার কাজ সারতে পারেন। মতিঝিলের হাটখোলায় এফবিসিসিআইয়ের নিজস্ব ভবন নির্মাণ করা হচ্ছে। সেটা আধুনিক সরঞ্জাম দিয়ে সাজানো হবে। বিদেশে ব্যবসায়ীদের সঙ্গে যাতে দেশের ব্যবসায়ীদের মধ্যে ‘অর্থনৈতিক কূটনীতি’ গড়ে ওঠে, তার ব্যবস্থা করা হবে। প্রথম আলো: আপনার প্যানেল কেমন হলো, সে সম্পর্কে বলুন।কাজী আকরাম উদ্দিন: আমার প্যানেলে যেমন অভিজ্ঞতাসম্পন্ন ও বিচক্ষণ ব্যক্তিদের নিয়েছি, তেমনি যুবকদেরও রেখেছি। এফবিসিসিআই সম্পর্কে ভালো জানেন এবং এর উন্নয়নে কী করা উচিত তা বোঝেন, এমন ব্যবসায়ীদেরই প্যানেলে নেওয়া হয়েছে। আমি সব সময় সততা ও স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে কাজ করেছি। এফবিসিসিআইয়ের নেতৃত্বে যদি আসতে পারি, তাহলে সেখানেও এই বিষয়গুলো কঠোরভাবে মানা হবে। আর ব্যবসায়ীদের অধিকর রক্ষায় যেকোনো ব্যাপারে আমি প্রয়োজনে সংগ্রাম করব। আশা করি, এসব বিষয় বিবেচনায় নিলে ভোটারদের কাছ থেকেও আমরা ইতিবাচক সাড়া পাব।প্রথম আলো: আগে কখনো এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন না। হঠাৎ করে নির্বাচনে এলেন, তা-ও আবার সভাপতি পদে!কাজী আকরাম উদ্দিন: আমি ২০ বছর ধরে এফবিসিসিআইয়ের সাধারণ ভোটার। ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও অনেক বছর ধরেই জড়িত। চট্টগ্রাম চেম্বারের সঙ্গে অনেক দিন যুক্ত ছিলাম। সেখানকার অনেক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমি গোপালগঞ্জ চেম্বারের প্রতিষ্ঠাতাদের একজন। এফবিসিসিআইয়ের নির্বাচন করতে হলে পরিচালক হওয়া জরুরি নয়। আমি এই সংগঠনকে পরিচালনা করতে পারব কি না, সেটাই হচ্ছে বড়। ১৪ বছর ধরে চেয়ারম্যান হিসেবে একটি ব্যাংক পরিচালনা করছি। সিডিবিএলেরও পরিচালক ছিলাম। প্রথম আলো: অভিযোগ আছে, আপনাকে সভাপতি করতে সরকারের বিভিন্ন পক্ষ থেকে চাপ রয়েছে। দু-একজন শক্তিশালী প্রার্থীকেও নাকি বসিয়ে দেওয়া হয়েছে?কাজী আকরাম উদ্দিন: এটা একদম সত্যি না। এই সরকারের সঙ্গে আমার ভালো সম্পর্ক, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো চাপ নেই। আর কোনো প্রার্থীকে বসিয়ে দেওয়া হয়নি। আমি কি কোনো অযোগ্য লোক যে আমাকে চাপিয়ে দিতে হবে? ভোটাররাই আমাকে ভোট দিয়ে সভাপতি করবেন, অন্য কোনো প্রভাব খাটিয়ে নয়।প্রথম আলো: আপনার নির্বাচনের অন্যতম অঙ্গীকার সরাসরি ভোটে সভাপতি নির্বাচনের অধিকার ফিরিয়ে দেওয়া। সভাপতি হলে তা কি করতে পারবেন?কাজী আকরাম উদ্দিন: এটা করতে পারব, তার নিশ্চয়তা আমি দিতে পারি। অনেকে বলে বেড়াচ্ছেন যে তাঁরা এটা করবেন। যাঁরা আগে সভাপতি ছিলেন এবং আজকে ভোটারও নন, তাঁরা কীভাবে এই অধিকার ফিরিয়ে দেবেন, তা আমার বোধগম্য নয়। আমি সভাপতি হলে প্রথমেই পরিচালনা পর্ষদের সভা ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করব। পর্ষদের সভা থেকেই একটি প্রস্তাব এনে বাণিজ্য মন্ত্রণালয়কে পাঠাব। বর্তমান গণতান্ত্রিক সরকার এ বিষয়ে আমাদের নিরাশ করবে না বলে আমার বিশ্বাস।প্রথম আলো: বর্তমানে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যাংকঋণ পাচ্ছেন না, ব্যাংকের সুদের হারও বেশি। আপনি তো ব্যাংক খাতের লোক। ব্যবসায়ীদের স্বার্থে এ ক্ষেত্রে পদক্ষেপ নেবেন? কাজী আকরাম উদ্দিন: আমি যেহেতু একটি ব্যাংকের চেয়ারম্যান, এসব সমস্যা আমি যত ভালো বুঝব, অন্যদের পক্ষে ততটা বোঝা সম্ভব নয়। ব্যবসায়ীরা যেন ঋণ পায়, ঋণের সুদের হার যেন কমে, সে বিষয়ে করণীয় নির্ধারণে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে। সরকারের সঙ্গে আলোচনা করা হবে। এভাবেই সমস্যার সুরাহা করা হবে।