চালু হওয়ার সাড়ে চার বছর না যেতেই ব্যবহারকারীদের কাছে আগ্রহ হারিয়েছে ফেনীর বিলোনিয়া শুল্কবন্দর। এ কারণে ক্রমেই এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি হ্রাস পাচ্ছে। শুরু থেকে এই বন্দরটি মূলত ছিল রপ্তানিনির্ভর। মাঝে কয়েক দফা এই বন্দর দিয়ে কিছু পণ্য আমদানি হলেও প্রায় দুই বছর তা পুরোপুরি বন্ধ রয়েছে। রপ্তানির পরিমাণও ধীরে ধীরে কমছে।
বন্দর-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এটি বর্তমানে পুরোপুরি রপ্তানিনির্ভর হওয়ায় বর্তমানে এই বন্দরের আয়ের একমাত্র উৎস ভ্রমণকর।
ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরামের সঙ্গে ভারতের দক্ষিণ ত্রিপুরা রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই বিলোনিয়া স্থলবন্দর। ২০০৯ সালের অক্টোবরে এই বন্দরটি চালু হয়।
জানা গেছে, দুই দেশের মধ্যকার আমদানি-রপ্তানি সহজতর করতে ব্যবসায়ীদের দাবির ভিত্তিতে বন্দরটি চালু করা হয়। তবে বন্দর চালুর দাবিতে ব্যবসায়ীরা যতটা সোচ্চার ছিলেন, ব্যবহারের ক্ষেত্রে যেন ততটাই নিরুৎসাহী তাঁরা। বাংলাদেশের কয়েকটি সিমেন্ট রপ্তানিকারক প্রতিষ্ঠান ও কিছু পাথর ব্যবসায়ী বর্তমানে এই বন্দরটি বাঁচিয়ে রেখেছেন।
বিলোনিয়া শুল্কস্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল আলম প্রথম আলোকে জানান, বাংলাদেশি সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরামিট, প্রিমিয়ার, ক্রাউন ও আলট্রাটেক মূলত নিয়মিতভাবে এই বন্দর দিয়ে ভারতে সিমেন্ট রপ্তানি করে থাকে। আর মাঝেমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান এই বন্দর দিয়ে ঢেউটিন ও এমএস রড রপ্তানি করে।
আমদানি-রপ্তানি পণ্যের তালিকা পর্যালোচনায় দেখা যায়, এই বন্দর দিয়ে নিয়মিত-অনিয়মিত বাংলাদেশি রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে সিমেন্ট, পাথর, এমএস রড, ঢেউটিন, মশারির নেট, স্টিল সিট, চুন, খৈল, পাটের সুতা ইত্যাদি। আর আমদানি পণ্যের মধ্যে ছিল মূলত শুঁটকি।
শুল্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০১২ সালের এপ্রিলে এই বন্দর দিয়ে প্রায় সোয়া নয় লাখ টাকার সমমূল্যের পণ্য আমদানি হয়েছে। এর পর থেকে গত দুই বছরে এই বন্দর দিয়ে আর কোনো পণ্য আমদানি হয়নি। এ ছাড়া ২০১৩ সালের প্রথম তিন মাসে প্রায় সাড়ে ১৫ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। সেই হিসাবে ওই সময় প্রতি মাসে গড়ে পাঁচ লাখ ১৩ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আর চলতি বছরের প্রথম তিন মাসে এই রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪ লাখ ২৭ হাজার মার্কিন ডলারে। সেই হিসাবে গড়ে প্রতি মাসে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পৌনে পাঁচ লাখ মার্কিন ডলারে।
প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে এক বছরের ব্যবধানে রপ্তানির পরিমাণ প্রায় সোয়া এক লাখ মার্কিন ডলার কমে গেছে।
শুল্কবন্দরটির দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, এই বন্দর ব্যবহারে রপ্তানিকারকদের আগ্রহ কমছে। আর এই বন্দর ব্যবহার করে ভারত থেকে পণ্য আমদানিতে খরচ বেশি হয় বলে আমদানিকারকেরা এটি ব্যবহারে আগ্রহী হচ্ছেন না।
এই প্রসঙ্গে বিলোনিয়া শুল্কবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক শেখ জুলফিকার আলী ভুট্টো বলেন, অবস্থানগত কারণে এই বন্দর দিয়ে আমদানির খরচ বেশি হয়। নামে স্থলবন্দর হলেও এটিকে মূলত শুল্কস্টেশন হিসেবেই চালু করা হয়েছে।যদিও ব্যবসায়ীরা বিলোনিয়ায় একটি পরিপূর্ণ স্থলবন্দর চালুর দাবি করেছিলেন।
সাম্প্রতিক সময়ে ভারতের মুদ্রার বিনিময়হারের দরপতন ঘটায় রপ্তানির পরিমাণ কমে গেছে বলে জানান তিনি।
এদিকে ১ এপ্রিল মঙ্গলবার বন্দরটি সরেজমিন পরিদর্শনকালে বাংলাদেশ অংশে একটি ট্রাক থেকে ভারতীয় ট্রাকে পাথর বোঝাই হতে দেখা যায়।
আর কয়েকটি ট্রাক সেখানে খালি দাঁড়িয়ে ছিল। পরিদর্শনকালে ভারতীয় অংশে উন্নত অবকাঠামো চোখে পড়লেও বাংলাদেশ অংশে সে ধরনের কিছু দেখা যায়নি। ভারতীয় অংশে বিশাল এক প্রবেশফটক চোখে পড়লেও বাংলাদেশ অংশে সে ধরনের কিছু ছিল না। দুই কক্ষবিশিষ্ট একটি শুল্ক অফিস রয়েছে। বন্দর ব্যবহারকারীদের জন্য আর কোনো অবকাঠামোগত সুযোগসুবিধা সেখানে নেই।
জানতে চাইলে ভারতের সঙ্গে রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ সিমেন্ট রপ্তানিকারক সমিতির সহসভাপতি আলমগীর কবীর প্রথম আলোকে বলেন, বন্দরের প্রয়োজনীয় অবকাঠামো নেই। এই বন্দরে শ্রমিকস্বল্পতাও রয়েছে। তিনি আরও জানান, সম্প্রতি ভারত সরকার সীমান্তের স্থলবন্দর এলাকায় তাদের অংশে ওয়্যার হাউস চালু করছে। বাংলাদেশ থেকে যেসব পণ্য রপ্তানি হবে সেগুলো প্রথমে ওই ওয়্যার হাউসে রাখতে হবে। এতে করে দেখা যাচ্ছে প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ওয়্যার হাউসে সাড়ে পাঁচ টাকা বাড়তি মাশুল দিতে হচ্ছে। তাই পণ্য রপ্তানিতে কিছুটা আগ্রহ হারাচ্ছেন রপ্তানিকারকেরা।