ব্যবসায়ীদের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে চালকলে কর্মচারী সংকট এবং ঈদের পর অতিবৃষ্টি—এই দুই অজুহাতে চাল ও আটার দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। অথচ তাঁদের এই অজুহাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চাল, গম, আটা, ময়দার বিপণন, মজুদ ও বাজারমূল্য পরিস্থিতির ওপর অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী ফারুক খান এ কথা বলেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।বাণিজ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই থেকে তিন দিন কলকারখানা বন্ধের সুযোগে দাম বাড়িয়ে নিলে ব্যবসায়ীদের এও মনে রাখতে হবে, সরকারের কাছে অনেক হাতিয়ার রয়েছে। ব্যবসায়ীদের এমন আচরণ করা উচিত হবে না, যাতে তাঁদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে সরকার বাধ্য হয়। ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ঈদের সময় কর্মচারী ছুটিতে থাকলে কী পদক্ষেপ নিতে হবে, তা আপনাদের জানা নেই, এটা আমি বিশ্বাস করি না। ৩৬৫ দিনের পরিকল্পনা গ্রহণ করতে পারেন, আর ছয়-সাত দিনেরটা পারেন না, এও আমি বিশ্বাস করি না।’ বাণিজ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রোজার সময়ই আপনারা ঈদের পর দাম বাড়ানোর পরিকল্পনা করে রেখেছিলেন। আপনাদের কারওই রোজা হবে না। আমি দুঃখিত, আপনাদের উদ্দেশে এভাবে কথা বলতে হচ্ছে আমাদের।’ফারুক খান বলেন, শুধু মুনাফা করাই ব্যবসায়ীদের একমাত্র দায়িত্ব নয়। সরকার চায় ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করুক। অযাচিতভাবে পণ্যের দাম বাড়ানো চলবে না। জনগণ যেন কষ্ট না পায় সুনাগরিক হিসেবে সে ব্যাপারে ব্যবসায়ীদেরও অনেক করণীয় রয়েছে। ফারুক খান বলেন, ব্যবসায়ীদের জন্য সরকার ব্যবসার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। ব্যবসায়ীদেরও উচিত পণ্যের মূল্য সহনীয় রাখার ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করা। বৈঠকে বাণিজ্যমন্ত্রীর এসব অভিযোগ ও বক্তব্যের জবাবে ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে আটা, ময়দা ও চালের সরবরাহ এবং উৎপাদন-প্রক্রিয়ায় কোনো সমস্যা নেই। আটা ও চালের মজুদ পরিস্থিতিও ভালো। সাময়িকভাবে দাম যা বেড়েছিল বর্তমানে তা কমে আসছে। কয়েক দিন ধরে গ্রামেও কমেছে। দুই থেকে তিন দিন পর কমবে রাজধানীসহ শহরাঞ্চলেও।সভায় সরকারের বিবেচনার জন্য কয়েকটি প্রস্তাবনা দিয়েছেন ব্যবসায়ীরা। এগুলো হলো কোন পর্যায়ে কত লাভ করা যাবে সে বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, মৌসুমি ব্যবসায়ীরা যাতে বাজার প্রভাবিত করতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ, ব্যবসায়ীদের জন্য চলতি মূলধন সরবরাহের ব্যবস্থা করা, সরকারের হাতে পর্যাপ্ত ধান-চাল ও গম মজুদ রাখা, খাদ্যশস্যের ব্যাপারে নেতিবাচক প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ না করার ব্যাপারে গণমাধ্যমের সহায়তা নেওয়া, খাদ্যশস্যের চাহিদা ও উৎপাদনের ভিত্তিতে সরবরাহের ব্যাপারে সরকারকে আগাম পরিকল্পনা গ্রহণ করা এবং পণ্য পরিবহনে নৌ ও রেলপথের অবকাঠামো উন্নয়ন করা।মোড়কজাত পণ্যের ক্ষেত্রে পণ্যের মূল্য, পরিমাণ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ থাকতে হবে বলে তাগিদ দেন বাণিজ্যমন্ত্রী। এর ব্যত্যয় ঘটলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারক দলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।বৈঠকে ব্যবসায়ীরা আটার উৎপাদন-খরচ ২৪ টাকা এবং বিক্রয়মূল্য ২৮ টাকার কথা উল্লেখ করলে এতে বিস্ময় প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কেজিতে চার টাকা মুনাফা! এভাবে তো হবে না। সহনীয় মুনাফা করতে হবে। নইলে মন্ত্রণালয় দাম নির্ধারণ করে দিতে বাধ্য হবে।’কতিপয় ব্যবসায়ীর জন্য গোটা ব্যবসায়ী সমাজের মান ও গুরুত্ব কমার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের কারণেই মানুষ ব্যবসায়ীদের সম্পর্কে বাজে ধারণা পোষণ করে।’ ব্যবসায়ীদের উদ্দেশে ফারুক খান আরও বলেন, ‘মনে করবেন না, এখনো আগের বাংলাদেশ রয়ে গেছে। এখন খামে ভরে ঘুষ দিতে হয় না।’ সভায় সরবরাহ আদেশ (ডিও) প্রথা বন্ধ করারও তাগিদ দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এটি একটি বড় চক্র। ডিও বিভিন্ন হাত ঘুরে ঘুরে পণ্য মূল্য বাড়াতে ভূমিকা রাখে।চালকল মালিক সমিতির আহ্বায়ক কে এম লায়েক আলী বলেন, ‘পরিকল্পনা করে খাদ্য মজুদ রাখলে আমাদের মজুদদার-মুনাফাখোর বলা হয়। মজুদ পরিকল্পনা তাই সরকারকেই করতে হবে।’ সভায় বাণিজ্যসচিব গোলাম হোসেন, অতিরিক্ত সচিব এম মুর্তজা রেজা চৌধুরী, টিসিবির চেয়ারম্যান খলিলুর রহমান, যুগ্ম সচিব শওকত আলী ওয়ারেছী, কুষ্টিয়ার রশিদ এগ্রো ফুড লিমিটেডের স্বত্বাধিকারী আবদুর রশিদ, সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বনাথ সাহা, মেঘনা গ্রুপের উপদেষ্টা এম এইচ মুন্সি, টি কে গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক শফিকুল আলম, বাদামতলী ও বাবুবাজার চাল-মালিক সমিতির সভাপতি নিজাম উদ্দিন, সেনাকল্যাণ সংস্থার পরিচালক মোস্তাফিজুর রহমান এবং খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ট্যারিফ কমিশন, এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা অংশ নেন।