ব্যবসায়ীদের জন্য ভিসা কর্মসূচি শুরু করছে মার্কিন দূতাবাস
বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তি সহজ করতে ‘বিজনেস ভিসা প্রোগ্রাম’ শীর্ষক একটি কর্মসূচি চালু করতে যাচ্ছে ঢাকার মার্কিন দূতাবাস। আপাতত পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু করা হচ্ছে।আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক মধ্যাহ্নভোজ সভায় এসব কথা জানান মার্কিন দূতাবাসের কনস্যুলার বিভাগের প্রধান জেমি ফাউস। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন অ্যামচেমের সভাপতি আফতাব উল ইসলাম।জেমি ফাউস বলেন, ভিসার আবেদনপ্রক্রিয়া স্বচ্ছ করতেই এই কর্মসূচি চালু করা হচ্ছে। অ্যামচেমের কিছু সদস্য সংস্থাকে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ভিসার আবেদন করার দুই দিনের মধ্যে সাক্ষাৎকার নেওয়া হবে।তবে জেমি ফাউস বলেন, এই কর্মসূচি ভিসাপ্রার্থীদের দ্রুত সাক্ষাৎকার নেওয়ার একটি ব্যবস্থা। কোনোভাবেই এটি ভিসাপ্রাপ্তির নিশ্চয়তা দেবে না। পরীক্ষামূলক এই কর্মসূচিতে সাফল্য পেলে ভবিষ্যতে তা আরও সম্প্রসারিত করা হবে।মার্কিন কনসাল বলেন, বাণিজ্য সহজ করতে প্রয়োজন ভ্রমণ সহজীকরণ। সেই অনুযায়ী ভ্রমণ সহজীকরণের লক্ষ্যে মার্কিন দূতাবাস কাজ করছে। গত বছর ১২ হাজারের বেশি বাংলাদেশি অভিবাসী আমেরিকার ভিসার জন্য আবেদন করেছেন।এক প্রশ্নের জবাবে ফাউস বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বেশ কিছুদিন আগে আবেদন করতে হয়। যেমন—কেউ যদি জুলাই-আগস্টে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চান, তাহলে তাঁদের এখনই আবেদন করা উচিত।আফতাব উল ইসলাম বলেন, ‘বিভিন্ন সময় আমাদের পরিচিত ব্যবসায়ী ও শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যাত হতে দেখা যাচ্ছে। এটা অনেক সময় বিব্রতকর হয়ে দাঁড়ায়।’ তিনি বলেন, ভিসার জটিলতা দূর করা গেলে পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্র ভ্রমণের যথেষ্ট সুযোগ রয়েছে। এটি হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে।সভায় ব্যবসায়ীরা জানান, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য যে ফরমটি পূরণ করতে হয়, সেটা অনেক বড় এবং পূরণ করতে কয়েক ঘণ্টা লেগে যায়।