ব্যবসায়ীদের তথ্যগত বাধা দূর করবে বাণিজ্য নির্দেশিকা
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্য অন্য দেশগুলোর শুল্কহার কেমন, কোন কোন দেশে বেশি রপ্তানি হয়, কোন কোন দেশে আরও পণ্য রপ্তানি করা সম্ভব, কোন কোন দেশ থেকে বেশি পণ্য আমদানি হচ্ছে—এমন সব তথ্য নিয়ে একটি নির্দেশিকা (ডিরেক্টরি) তৈরি করেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন।সংস্থাটি এই নির্দেশিকার নাম দিয়েছে ‘ওয়ার্ল্ড ট্রেড ডিরেক্টরি: বাংলাদেশ কানেক্টিং দ্য ওয়ার্ল্ড।’ www.bdtarrifcom.org—এই ওয়েবসাইটে গিয়ে ব্যবসায়ীরা নির্দেশিকার বিভিন্ন তথ্য জানতে পারবেন।রাজধানীর ঢাকা চেম্বার মিলনায়তনে গতকাল বুধবার নির্দেশিকাটির মোড়ক উন্মোচন করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। অনুষ্ঠানটির আয়োজন করে ট্যারিফ, ঢাকা চেম্বার, কমিশন ও ব্যবসায়ীদের প্রতিষ্ঠিত গবেষণা সংস্থা বিল্ড।অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্যের তথ্য প্রতিনিয়ত পরিবর্তন হয়। সে কারণে নির্দেশিকাটি ক্রমাগত হালনাগাদ করতে হবে। এ জন্য একজন নির্দিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব দিতে হবে।বাণিজ্যসচিব গোলাম হোসেন বলেন, ব্যবসায়ীদের কাছে পর্যাপ্ত তথ্য থাকে না। অনেক সময় তাঁদের তথ্য কিনতে হয়। কিন্তু দেশে পর্যাপ্ত ক্রেডিট কার্ড-সুবিধা না থাকায় তথ্য কিনতেও তাঁদের সমস্যায় পড়তে হয়। এই নির্দেশিকা তাঁদের তথ্যগত সমস্যা অনেকাংশেই দূর করবে।অনুষ্ঠানে নির্দেশিকার বিভিন্ন দিক তুলে ধরেন ট্যারিফ কমিশনের সদস্য মোস্তফা আবিদ খান। ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, বিল্ডের প্রধান নির্বাহী ফেরদৌস আরা বেগম প্রমুখ বক্তব্য দেন।