ব্যবসায়ীদের দুর্দিন চলছে
খাতুনগঞ্জের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক সভায় ব্যবসায়ীরা বলেন, সরকারের দ্বৈত নীতির কারণে চট্টগ্রামের ব্যবসায়ীরা দুর্দিন অতিক্রম করছেন। তাঁদের একটি জাহাজ সাগরে ডুবে গেলে সেটাতেও ১০ শতাংশ লভ্যাংশ ধরে কর দিতে হয়। আবার যখন ব্যবসায়ীরা ২ শতাংশ লাভ করেন, তখন বলা হয়, ‘তোমরা মুনাফাখোর।’ দেশে ৩০ লাখ ব্যবসায়ী আছেন। কিন্তু পণ্যের দাম বাড়লেই আঙুল দেখানো হয় খাতুনগঞ্জের দিকে। ব্যবসায়ীরা আরও বলেন, ১৫ বছর আগেও চট্টগ্রামে যে পরিমাণ ব্যবসা ছিল, এখন তার ১৫ শতাংশও নেই। খাতুনগঞ্জে আজ ব্যবসায়ীদের দুর্দিন চলছে। তবু খাতুনগঞ্জকে বাদ দিয়ে দেশের ব্যবসা-বাণিজ্য চলে না। গতকাল শনিবার চট্টগ্রামের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে খাতুনগঞ্জের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ এম এ লতিফ ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। সভাপতিত্ব করেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে বক্তাদের বেশির ভাগই ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারক। তাঁরা খাতুনগঞ্জে ব্যবসা-বাণিজ্যের অতীত জৌলুশের পাশাপাশি বর্তমান অবস্থাও তুলে ধরেন। বর্তমান সময়কে দুর্দিন আখ্যা দিয়ে বক্তারা এ অবস্থা থেকে বেরিয়ে আসতে ব্যবসায়ী ও রাজনীতিবিদদের ঐক্য প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করেন। একই সঙ্গে খাতুনগঞ্জের রাস্তাঘাট প্রশস্তকরণ ও অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিদ্যুৎ, গ্যাস ও টেলিযোগাযোগসহ নানা সমস্যার কারণে দিন দিন চট্টগ্রামে বিনিয়োগ কমছে। সিলেটে গ্যাস পাওয়া যায়, অথচ চট্টগ্রামে পাওয়া যায় না। এ অবস্থায় সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে রক্ষা করতে হবে বলে ব্যবসায়ী, সাংসদ ও জনপ্রতিনিধিরা একমত পোষণ করেন। অনুষ্ঠানে ২০ জন ব্যবসায়ীকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়।