অস্ট্রেলিয়ার পর এবার যুক্তরাজ্য সরকার ঢাকা থেকে সরাসরি সেই দেশে উড়োজাহাজে পণ্য পরিবহনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। এতে দেশের ব্যবসায়ী মহলে দুশ্চিন্তা বাড়ছে। কারণ, যুক্তরাজ্যে সবজি ও ফল রপ্তানি বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি দুই বাজারেই বাংলাদেশের পোশাক রপ্তানিতেও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন পোশাকশিল্পের মালিকেরা।
সবজি ও ফল রপ্তানিকারকেরা প্রথম আলোকে জানান, বাংলাদেশের সবজি ও ফলের বড় রপ্তানি বাজার যুক্তরাজ্য। গত ২০১৪-১৫ অর্থবছরে মোট ১৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার বা ১ হাজার ১৩২ কোটি টাকার সবজি ও ফল রপ্তানি হয়। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ বা সাড়ে চার শ কোটি টাকার পণ্যই গেছে যুক্তরাজ্যে। ঢাকা থেকে প্রতিদিন গড়ে ২০-২৫ টন সবজি ও ফল উড়োজাহাজে করে দেশটিতে যায়। বর্তমানে প্রায় ২০০টি প্রতিষ্ঠান পণ্য দুটি রপ্তানি করছে।
জানতে চাইলে বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর বলেন, ‘নিষেধাজ্ঞা-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা থেকে কার্গো বিমান সরাসরি যুক্তরাজ্য যাবে না। তাই আমরা ভেবেছিলাম অন্য এয়ারলাইনসে করে পণ্য পাঠাতে পারব। তবে আজ বিকেলে (গতকাল) কাতার এয়ারওয়েজ থেকে জানিয়েছে, নিষেধাজ্ঞা থাকলে তারা ঢাকা থেকে পণ্য নেবে না।’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘কাতার এয়ারওয়েজের দেখাদেখি অন্য বিদেশি বিমান সংস্থাগুলোও একই পথে হাঁটতে পারে। তবে যুক্তরাজ্যের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলো নিষেধাজ্ঞা জারি করলে সর্বনাশ হয়ে যাবে।’
মোহাম্মদ মনসুর জানান, কয়েক বছর ধরে দেশের ব্যবসায়ীরা কাতার, কুয়েত, ইত্তেহাদ ও এমিরেটস—এই চারটি বিমান সংস্থার কার্গোতে শাকসবজি ও ফল পাঠাচ্ছেন। বাংলাদেশ বিমানের ভাড়া বেশি হওয়ায় তাঁরা বাধ্য হয়ে বিদেশি এয়ারলাইনস বেছে নেন। বিমানে এক কেজি পণ্য পাঠাতে লাগে ২ ডলার ২০ সেন্ট। আর বিদেশি এয়ারলাইনসে লাগে ১ ডলার ৬০ সেন্ট।
খোঁজ নিয়ে জানা গেল, পান থেকে শুরু করে শাকপাতা, কচু, লতি, কাঁকরোল, কাঁচা মরিচ, বরবটি, শিম, লাউসহ ৩০-৩৫ ধরনের সবজি যুক্তরাজ্যে যায়। এ ছাড়া মৌসুম ভেদে কাঁঠাল, আমসহ বিভিন্ন ধরনের ফল প্রচুর পরিমাণে দেশটিতে রপ্তানি হয়। মূলত প্রবাসী বাঙালিরাই এসব সবজি ও ফলের বড় ক্রেতা। রপ্তানি বন্ধ হলে তাঁরা দেশি সবজি ও ফল খাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।
সংগঠনটির সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আজ (গতকাল) পর্যন্ত রপ্তানি হয়েছে। তবে কাল (আজ) থেকে সবজি ও ফল রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে।
গত ১৯ ডিসেম্বর অস্ট্রেলিয়া সরকারের অবকাঠামো ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রণালয়ের পরিবহন নিরাপত্তা বিভাগ নিরাপত্তার অজুহাতে বাংলাদেশসহ পাঁচটি দেশ থেকে বিমানে পণ্য পরিবহনে কড়াকড়ি আরোপ করে। এতে বিপদে পড়েন দেশের পোশাক ব্যবসায়ীরা। কারণ, সেই দেশের ক্রেতাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি পোশাকের নমুনা কিংবা বিমানে পণ্য পাঠাতে ভোগান্তিতে পড়েন তাঁরা।
এদিকে আন্তর্জাতিক মানদণ্ডে নিরাপত্তার ঘাটতি থাকার কথা জানিয়ে যুক্তরাজ্য গত মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে। তবে অন্য দেশ হয়ে যুক্তরাজ্যে যায়, এমন বিমান সংস্থা ঢাকা থেকে পণ্য পরিবহন করতে পারবে। সে ক্ষেত্রে তৃতীয় দেশে পণ্যটি স্ক্যান করতে হবে।
ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল নামের পোশাক কারখানার পরিচালক নাফিস-উদ-দৌলা গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘অস্ট্রেলিয়ায় নমুনা পাঠানোর বিষয়টি ক্রেতারাই ম্যানেজ করছেন। তবে কোনো কারণে নির্দিষ্ট সময়ে ক্রয়াদেশের কাজ শেষ করতে না পারলে আমরা এয়ারশিপমেন্ট করতে পারব না। ক্রেতারা বলে দিয়েছে, শিপমেন্ট মিস করলে ২৫ শতাংশ মূল্যছাড় দিতে হবে। ফলে সব সময় ঘাড়ের ওপর একধরনের চাপ থাকছে।’
নাফিস-উদ-দৌলা বলেন, ‘বর্তমানে অবস্থা তো আরও জটিল হয়ে গেল। যুক্তরাজ্যও একই রাস্তায় হেঁটেছে। ওই দেশের দুটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের কাজ করছি আমরা। অন্য দেশগুলোও এ পথে হাঁটলে সমস্যা তো আরও বাড়বে।’
জানতে চাইলে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান গতকাল বলেন, ‘অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার পর ঢাকায় নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিজিএমইএতে আমরা বৈঠক করি। তিনি সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত কাজের কাজ কিছু হয়নি।’
বাংলাদেশ রপ্তানিকারক সমিতির (ইএবি) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমাদের জন্য অস্ট্রেলিয়ার বাজার ছোট, তাই তাদের নিষেধাজ্ঞায় খুব একটা প্রতিক্রিয়া হয়নি। তবে যুক্তরাজ্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরকার যদি গুরুত্বসহকারে শিগগিরই এ সমস্যার সমাধান না করে, তবে আমাদের রপ্তানি ব্যাকফুটে চলে যাবে, চ্যালেঞ্জের মুখে পড়বে।’