ব্যবসায়ীদের দোরগোড়ায় পৌঁছায় না কনটেইনার
ব্যবসায়ীদের গুদাম বা কারখানা চত্বরে পণ্য বোঝাই ও খালাসের জন্য চালু হয়েছিল কনটেইনারে পণ্য পরিবহনের প্রথা। বিশ্বের বহু দেশে কারখানার দোরগোড়ায় কনটেইনার থেকে পণ্য খালাস এবং তাতে পণ্য বোঝাই হচ্ছে। তবে ব্যতিক্রম বাংলাদেশ। অবকাঠামোগত সমস্যা ও পদ্ধতিগত জটিলতার কারণে এখনো ৮৪ শতাংশ কনটেইনার খালাস ও বোঝাই হচ্ছে বন্দর ও ডিপোতে।কারখানা বা গুদাম পর্যন্ত পরিবহনের সুযোগ কম থাকায় জাহাজ থেকে একটি কনটেইনার নামানোর পর বন্দর ও বেসরকারি ইয়ার্ডে দুই দফা ওঠানো-নামানো হয়। এতে খরচ বাড়ছে ব্যবসায়ীদের। আবার ট্রাক বা কাভার্ড ভ্যানে কারখানা পর্যন্ত পণ্য আনা-নেওয়ার সময় চুরি ও নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে বলে মনে করেন ব্যবসায়ীরা।বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারদের সংগঠন বিজিএমইএর সদ্য বিদায়ী সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরীও মানেন বিষয়টি। প্রথম আলোকে তিনি বলেন, ‘কারখানা চত্বরে কনটেইনার থেকে আমদানি পণ্য খালাস এবং রপ্তানি পণ্য বোঝাইয়ের সুযোগ থাকলে রপ্তানি খাতের উদ্যোক্তারা সবচেয়ে বেশি সুবিধা পেতেন। এতে খরচ কম হতো। পণ্য চুরির আশঙ্কাও কমে যেত। তবে এখানে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ছাড়া বড় শিল্প এলাকা গড়ে না ওঠায় এই সুবিধা পাওয়া যাচ্ছে না।’গত ডিসেম্বর মাসের কনটেইনার খালাসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমানে মোট আমদানি পণ্যবাহী কনটেইনারের ১৬ শতাংশ কারখানা চত্বরে নিয়ে খালাস হচ্ছে। আবার এই ১৬ শতাংশের প্রায় পুরোটাই যাচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে। এর বাইরে বন্দর চত্বর থেকে ৬৮ শতাংশ এবং বেসরকারি ডিপো থেকে ১৬ শতাংশ কনটেইনার পণ্য খালাস হচ্ছে। বন্দর ও বেসরকারি ডিপোতে কনটেইনার থেকে পণ্য খালাসের পর ট্রাক বা কাভার্ড ভ্যানে করে নেওয়া হচ্ছে গুদাম ও কারখানা চত্বরে। একইভাবে রপ্তানি পণ্যের ৯৬ শতাংশ কারখানা থেকে ডিপোতে এনে কনটেইনারে বোঝাই করে বন্দর দিয়ে রপ্তানি হয়।কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘শিল্প খাতের কাঁচামাল আমদানিকারকেরা চাইলে কনটেইনার সরাসরি কারখানা চত্বরে নিয়ে যেতে পারেন। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল এবং অনেকগুলো বড় শিল্প গ্রুপ নিজেদের আমদানি করা কাঁচামাল নিয়েও যাচ্ছে। তবে বাণিজ্যিক আমদানিকারকদের পণ্য সরাসরি কারখানা চত্বরে নিয়ে খালাসের সুযোগ নেই। মিথ্যা ঘোষণায় আনা পণ্য শনাক্ত করতে পণ্য খালাস ও বোঝাই করতে হয় বন্দর ও ডিপোতে।’সমুদ্রপথে রপ্তানি পণ্যের ৯৩ শতাংশই পরিবহন হয় কনটেইনারে। আবার জ্বালানি ও সিমেন্ট ক্লিংকার ছাড়া মোট আমদানি পণ্যের প্রায় ৫২ শতাংশই আসে কনটেইনারের মাধ্যমে।