ব্যবসায়ীদের প্রতিই আস্থা বাণিজ্যমন্ত্রীর
আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ব্যবসায়ীরা বাড়াবেন না, তাঁদের প্রতি এই আস্থা রয়েছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মন্ত্রী তাঁর আস্থার কারণও ব্যাখ্যা করেন। তিনি বলেন, গতবার পবিত্র রমজান শুরুর আগে জিনিসপত্রের দাম না বাড়ানোর যে অঙ্গীকার করেছিলেন ব্যবসায়ীরা, তা তাঁরা রেখেছিলেন।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে কিছু পাইকারি ব্যবসায়ী নেতা এবং উৎপাদনকারী ও পরিশোধনকারী কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে সূচনা বক্তব্য দেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
বৈঠকে উপস্থিত থাকলেও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হুসেইন আহমেদ, অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার কোনো কথা বলেননি।
বাণিজ্যমন্ত্রী জানান, তিনি বিশ্বাস করেন যে শুধু পবিত্র রমজানে নয়, বছরজুড়েই জিনিসপত্রের দাম স্বস্তিকর অবস্থায় থাকবে, অন্তত মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। ব্যবসায়ীরা তাঁকে এভাবে আশ্বস্ত করেছেন।
অল্প কয়েক দিনেই ২৮ টাকার পেঁয়াজ ৪৮ টাকা কেন হলো, জানতে চাইলে মন্ত্রী এর জবাব দিতে ব্যবসায়ীদেরই আহ্বান জানান। জবাবে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন, ‘বৃষ্টির কারণে কিছু পেঁয়াজ নষ্ট হয়েছে। পণ্যটির দাম বাড়ার এটাই কারণ।’
এখনো বোতলজাত ও খোলা সয়াবিনের দামের পার্থক্য ২০ টাকা কেন এবং এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
বৈঠকে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের ঋণপত্রের (এলসি) তথ্যের ভিত্তিতে বিভিন্ন পণ্যের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, দেশে ভোজ্যতেলের চাহিদা ১৪ লাখ ৫০ হাজার টন, সরবরাহ ব্যবস্থায় আছে ১৪ লাখ ৬৭ হাজার টন।
অন্য পণ্যগুলোর মধ্যে চিনি ১৩-১৪ লাখ টন চাহিদার তুলনায় সরকারি-বেসরকারি মিলিয়ে সরবরাহযোগ্য রয়েছে ১৬ লাখ ৩২ হাজার টন, মসুর ডাল তিন লাখ টন চাহিদার বিপরীতে চার লাখ টন, ছোলা ৬০ হাজার টন চাহিদার তুলনায় তিন লাখ টন, খেজুর ১৫ হাজার টন চাহিদার বিপরীতে ১৭ হাজার টন, পেঁয়াজ ২২-২৩ টন চাহিদার তুলনায় ১৯ লাখ টন (আরও পাঁচ লাখ টনের এলসি নিষ্পন্ন হয়েছে) রয়েছে বলে জানান মন্ত্রী। এ ছাড়াও তিনি জানান, আদা তিন লাখ টন চাহিদার বিপরীতে ২ লাখ ৪৯ হাজার টন দেশেই উৎপাদিত হয়েছে। বাকি ৫১ হাজার টনের এলসি সম্পন্ন হয়েছে। এলাচি, দারুচিনি ও লবঙ্গের মজুতও চাহিদা অনুযায়ী রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বাজার তদারকি তাঁর পছন্দ নয় উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ক্যামেরায় ছবি দেখালাম, বাজারে গিয়ে মানুষকে ফোন নম্বর দিয়ে আসলাম’—এগুলো করলেই বরং জিনিসপত্রের দাম বাড়ে।
সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা, মেঘনা গ্রুপের উপদেষ্টা এম এইচ মুন্সী, এস আলম গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক কাজী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে তোফায়েল আহমেদ জানতে চান, ‘কী, সবকিছু ঠিক আছে?’ তিনজনেই জবাব দেন, ‘ঠিক আছে।’
টিসিবির তথ্য অনুযায়ীই চারটি পণ্যে ১০-১২ শতাংশ দাম বেড়েছে, এ বিষয়ে মন্ত্রী বলেন, কিছুটা ওঠানামা করবেই। তবে ভয়ের কারণ নেই, আন্তর্জাতিক বাজারেই নিত্যপণ্যের দাম পড়তির দিকে।
বাংলাদেশ ডাল সমিতির সভাপতি শফি মাহমুদ, মাংস ব্যবসায়ী সমিতির প্রতিনিধি গোলাম মর্তুজাসহ আরও কয়েকজন পাইকারি ব্যবসায়ী নেতা বৈঠকে উপস্থিত ছিলেন।