ব্যবসায়ীদের ভোক্তা অধিকারগুলোয় গুরুত্ব দিতে হবে
ভোক্তারা হলেন ব্যবসার প্রাণ। আর তাই ভোক্তাদের অধিকারের বিষয়গুলোকে ব্যবসায়ীদের অবশ্যই গুরুত্ব দিতে হবে।গতকাল বৃহস্পতিবার ঢাকা চেম্বারে ‘কনজ্যুমার রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস’বিষয়ক এক সেমিনারে এ অভিমত ব্যক্ত করা হয়। বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সেমিনারে ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম জেলা পর্যায়ে কনজ্যুমার আদালত স্থাপন এবং জেলা পর্যায়ের চেম্বারগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ সেল গঠনের প্রস্তাব করেন।ফারুক খান বলেন, সরকার সব মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে ভোক্তা অধিকার আইন প্রণয়ন করেছে। একই সঙ্গে ভোক্তা অধিকার অধিদপ্তরকে আধুনিকায়নের জন্য কার্যক্রম গ্রহণ করেছে।লিডিং বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এম এস সিদ্দিকী মূল বক্তব্য উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক, ডিসিসিআইয়ের পরিচালক নিয়াজ রহিম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের মহাপরিচালক আবুল হোসনে মিয়া। ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি টি আই এম নূরুল কবীর অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি।