ব্যবসায়ীদের মতকে গুরুত্ব দিয়ে মূসক আইন চূড়ান্ত হবে
হয়রানিসহ সব ধরনের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দিয়েই প্রস্তাবিত মূল্য সংযোজন কর (মূসক) আইনটি চূড়ান্ত করা হবে। এ ছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তিতে যৌথ প্যানেলে ব্যবসায়ী প্রতিনিধিও অন্তর্ভুক্ত করা হবে। এতে করদাতারা ন্যায়বিচার পাবেন। গতকাল শনিবার প্রস্তাবিত মূসক আইন নিয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ এসব কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। ঢাকা চেম্বার মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আগামী জানুয়ারি মাস থেকে বিকল্প বিরোধ নিষ্পত্তিব্যবস্থা চালু করতে যাচ্ছে এনবিআর। এতে করদাতারা মামলা-মোকদ্দমায় না গিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আপসরফা করতে পারবেন। তবে এনবিআরের চেয়ারম্যান জানান, বিকল্প বিরোধ নিষ্পত্তি করতে সব পক্ষের প্রতিনিধি ছাড়াও প্রথম তিন মাসের জন্য আইএফসি থেকে একজন সহায়তাকারী নিয়োগ করতে পারে এনবিআর। তিনি আরও বলেন, এনবিআর বড় ধরনের স্বয়ংক্রিয় বা অটোমেশন ব্যবস্থায় যাচ্ছে। আমদানিকারকদের সুবিধার্থে আগামী জানুয়ারি থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে (আমদানি) রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং সেবা চালু রাখা হবে। এনবিআরের চেয়ারম্যান জানান, ব্যবসায়ী সম্প্রদায়ের মতামতের ভিত্তিতেই মূসক আইন প্রণয়ন করা হবে। তিনি বলেন, দেশে একটি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে এনবিআর কাজ করে যাচ্ছে। তিনি কর নীতিমালার সঙ্গে সামঞ্জস্য-পূর্ণভাবে প্রশাসনিক অবকাঠামো পুনর্গঠনের ওপর জোর দেন। কর্মশালায় ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, মূসক আইনের মূল লক্ষ্য হলো—কর প্রদান-প্রক্রিয়া সহজীকরণ, তথ্য ও প্রযুক্তিনির্ভর কর প্রদান-ব্যবস্থা চালুকরণ এবং ‘ক্যাসকেডিং ইফেক্ট’ এড়ানো। তিনি রাজস্ববান্ধব এবং ব্যবসায় ভ্যাটবান্ধব ব্যবস্থা চালু করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের হয়রানি করার জন্য কোনো আইন প্রণয়ন করা উচিত নয়। কর্মশালায় বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) কমিশনার জাহাঙ্গীর হোসেন এবং আইএফসির অধ্যাপক বেন তেরা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।জাহাঙ্গীর হোসেন বলেন, প্রস্তাবিত আইনটি করবিষয়ক খরচ কমানো, কর প্রশাসনের উন্নয়ন, উৎপাদন প্রতিষ্ঠানে অর্থপ্রবাহ বৃদ্ধি এবং কর প্রদান-প্রক্রিয়া সহজ, নিরাপদ ও হয়রানিমুক্ত করা হবে। মুক্ত আলোচনায় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি টি আই এম নূরুল কবীর, পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম, আবসার করিম চৌধুরী, এম আবু হোরায়রা, ডিসিসিআইয়ের সাবেক পরিচালক রফিকুল ইসলাম খান, মঞ্জুর আহমেদ প্রমুখ অংশ নেন।