ব্যবসায়ীদের মতামত নিয়ে মূসক আইন চূড়ান্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের মতামত নিয়ে মূল্য সংযোজন কর বা মূসক আইন চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।জাতীয় মূসক দিবস উপলক্ষে সর্বোচ্চ মূসক প্রদানকারী জাতীয় ও ঢাকা বিভাগীয় প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তাঁরা গতকাল এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ইতিমধ্যে জাতীয় সংসদে মূসক আইন উত্থাপিত হয়েছে। তার পরও মূসক আইন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে। অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটিই এ বিষয়ে ব্যবসায়ীদের মতামত নেবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, নৈতিক চরিত্র গঠনে বড় অবদান রাখছে মূসক। ২০১৫ সালের মধ্যে স্বয়ংক্রিয় হিসাব ব্যবস্থা চালু করা সম্ভব হলে মূসকদাতা প্রতিষ্ঠানে আর ‘দুটি খাতা’ রাখতে হবে না। অর্থমন্ত্রী আরও বলেন, রাস্তাঘাট নির্মাণের জন্য সরকারের সামর্থ্য বাড়ানো দরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় জাতীয় আয়ের সাড়ে ৩ শতাংশ সামর্থ্য ছিল রাস্তাঘাটসহ অবকাঠামো নির্মাণের জন্য। আর বর্তমানে এ হার ১১ দশমিক ২ শতাংশ। এটা ২০ শতাংশে উন্নীত করা দরকার। মসিউর রহমান জানান, এনবিআর ও ব্যবসায়ীদের মতামত নিয়ে নতুন মূসক আইন চূড়ান্ত করা হবে। তিনি এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘ব্যবসায়ীদের চাপে সময় ব্যয় না করে রাজস্ব আদায়ের জন্য সময় ব্যয় করা উচিত।’ শুধু ব্যবসায়ীদের সম্মাননা নয়, কর কর্মকর্তাদের সম্মাননা দেওয়ার প্রস্তাব করেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসমূহের ফেডারেশনের সভাপতি এ কে আজাদ। তিনি ব্যবসাবান্ধব মূসক আইন প্রণয়নের দাবি জানান। তাঁর মতে, সরকার যে বিপুল রাজস্ব পাচ্ছে তার কৃতিত্ব ব্যবসায়ীদের। বিগত চার বছরে মূসক আদায় দ্বিগুণ হয়েছে। এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন বলেন, মূসকের ৬০-৬৫ শতাংশ আসে গুটি কয়েক খাত থেকে। ভবিষ্যতে এসব খাতের গুরুত্ব কমে গেলে মূসক আদায়ও কমে যেতে পারে। তাই মূসক আদায়ের ক্ষেত্রগুলো পুনর্বিন্যাস করতে হবে। তিনি জানান, শুল্ক ও আয়কর বিভাগের পাশাপাশি মূসক বিভাগের আধুনিকায়নের জন্য বিভিন্ন সংস্কার করতে এক হাজার থেকে এক হাজার ২০০ কোটি টাকা ব্যয় হবে। এ সংস্কার বাস্তবায়িত হলে কর-জিডিপি অনুপাত আগামী চার-পাঁচ বছরে ১৪-১৫ শতাংশে পৌঁছাবে। রাজস্ব আদায়ের ওপর নির্ভরশীল বাজেট প্রণয়নের ওপর গুরুত্ব দেন এনবিআরের সদস্য এনায়েত হোসেন। আরও বক্তব্য দেন মূসক দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও কমিশনার সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের সদস্য জাহান আরা সিদ্দিকী।সম্মাননা প্রদানঅনুষ্ঠানে বৃহৎ নয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। আর জেলা পর্যায়ে সম্মাননা পেয়েছে ১২৫টি প্রতিষ্ঠান। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধকারী এসব প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেয়। জাতীয় পর্যায়ে সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: ব্যবসা খাতে ট্রান্সকম বেভারেজেস লিমিটেড, উত্তরা মটরস লিমিটেড (যশোর) ও মেসার্স উত্তরা মটরস (খুলনা); উৎপাদন খাতে রশিদপুর কনডেন্স অ্যান্ড ফ্রাংশনেশন, অলিম্পিক ইন্ডাস্ট্রি বিস্কুট লিমিটেড এবং এএসটি বেভারেজ লিমিটেড; সেবা খাতে বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেড (তিতাস গ্যাসফিল্ড), কৈলাসটিলা গ্যাসফিল্ড ও মেসার্স ডিএইচএল ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড। জাতীয় পর্যায়ে নয়টি প্রতিষ্ঠানের পাশাপাশি ঢাকা বিভাগের ২৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতেও সম্মাননা তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে ট্রান্সকম বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক খুরশীদ ইরফান চৌধুরী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাত থেকে সম্মাননা এবং সনদ গ্রহণ করেন। এ ছাড়া রশিদপুর কনডেন্সের ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন, অলিম্পিক ইন্ডাস্ট্রি বিস্কুটের ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলী, তিতাস গ্যাসফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান, কৈলাসটিলা গ্যাসফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন, ডিএইচএলের কান্ট্রি ম্যানেজার ডেসমন্ড কুইয়্যা, এএসটি বেভারেজের প্রতিনিধি হারুন উর রশিদ, উত্তরা মটরস লিমিটেডের (যশোর) প্রতিনিধি আনোয়ার উল্লাহ ও মেসার্স উত্তরা মটরসের (খুলনা) প্রতিনিধি মাহবুবুল হাসানের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন অতিথিরা। এর আগে সকালে মূসক দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে এনবিআরের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশাজীবীরা অংশ নেন। শোভাযাত্রা কাকরাইলের রাজস্ব ভবন থেকে শুরু হয়ে মৎস্য ভবনের সামনে দিয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের বিভিন্ন জেলার ৯৮টি প্রতিষ্ঠানকে মূসক দিবসের সম্মাননা দেওয়া হয়। স্থানীয় মূসক কার্যালয় থেকে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।