ব্যবসায়ীদের সঙ্গে শুল্ক কর্তৃপক্ষের সারা বছর আলোচনা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেছেন, বাজেটের আগে আগে আলোচনার পরিবর্তে সারা বছরই ব্যবসায়ীদের সঙ্গে শুল্ক কর্তৃপক্ষের ধারাবাহিক আলোচনা দরকার। এর মাধ্যমে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও আইনি জটিলতা দূর করা সম্ভব হবে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এক কর্মশালায় এনবিআরের চেয়ারম্যান এ কথা বলেন। ‘ব্যবসায়ী পর্যায়ে মূসক প্রদান ও ইসিআর ব্যবহার উদ্বুদ্ধকরণ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম চেম্বার। এতে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি সাংসদ এম এ লতিফ এবং উপস্থিত ছিলেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার ফিরোজ শাহ আলম। বক্তব্য দেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আলী আহমদ, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ প্রমুখ।এনবিআরের চেয়ারম্যান বলেন, মূসক আইনে জটিলতা আছে। কিছু পরিবর্তন দরকার। আগামী ১১ ফেব্রুয়ারি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ঢাকায় সংলাপ হবে। সেখানে মূসক আইনের জটিলতা তুলে ধরতে পারবেন। বাজেট ঘোষণার আগ পর্যন্ত এই সংলাপ অব্যাহত থাকবে।