‘আমরা দুই মাস আগেই বলেছিলাম আলোচনায় বসতে (প্রধান দুই রাজনৈতিক দলকে)। সেই তো বসলেন, বিদেশিদের কথায় বসলেন। আমরা দেশের জন্য কাজ করি, আমাদের কথা শুনলেন না। আপনারা বুঝলেন, কিন্তু দেরিতে বুঝলেন। আরেকটু আগে বুঝলে এত মানুষ মরত না, এত গাড়ি পুরত না, দেশের অর্থনীতিও ধ্বংস হতো না।’
কথাগুলো ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদের। দেশের চলমান রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এই সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদ এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির দাবিতে ব্যবসায়ীদের রাজপথে নেমে এসে প্রতিবাদ জানানোর কর্মসূচিও ঘোষণা করেছে এফবিসিসিআই। আগামী ১৫ ডিসেম্বর দেশের সব ব্যবসায়ী চেম্বার ও সমিতিগুলোর নেতারা নিজ নিজ কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের সড়কে সাদা পতাকা নিয়ে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করবেন।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, এ কে আজাদ ও আকরাম হোসেন, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামীন এবং বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন। তবে তাঁরা কেউ কোনো বক্তব্য দেননি।
লিখিত বক্তব্যে কাজী আকরাম বলেন, কয়েক মাসের টানা হরতাল-অবরোধে দেশের অর্থনীতির যে ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের পক্ষে তা পুষিয়ে ওঠা অত্যন্ত কঠিন হবে। বিশেষ করে পচনশীল পণ্যের উৎপাদক ও ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন ব্যবসায়ী ও শ্রমিকেরাও মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন। রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ব্যাংকঋণের সুদ এবং কর্মচারীদের বেতন সময়মতো পরিশোধ করতে হচ্ছে।
কাজী আকরাম বলেন, ব্যবসায়ী সমাজ মনে করে, দেশের দুই প্রধান রাজনৈতিক দল আলাপ-আলোচনা করলে তা দেশবাসীর জন্য শান্তির পথ সুগম হবে এবং সুষ্ঠুভাবে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে।