
দেশে নতুন বেসরকারি বিনিয়োগ হচ্ছে না। আগামী অর্থবছরের বাজেটে কোন ধরনের সুবিধা দিলে বা ব্যবস্থা নিলে বিনিয়োগ ত্বরান্বিত হতে পারে, সে বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি তপন চৌধুরী।
প্রথম আলো: বিনিয়োগ না হওয়ার জন্য ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে গ্যাস, বিদ্যুৎ ও জমির সংকটের কথা বলছেন। বাজেটের মাধ্যমে সংকট নিরসনের উপায় কী?
তপন চৌধুরী: গ্যাস, বিদ্যুৎ ও জমির সংকটের সমাধান রাতারাতি হবে না। সরকার ২০১০ সাল থেকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) করার কথা বলছে। তবে গত ছয় বছরে একটিও এসইজেড হয়নি। কবে হবে সেটি নির্দিষ্ট করেও কেউ বলছে না। অর্থনৈতিক অঞ্চলে হলেও আমরা কি বড় শিল্পকারখানা করতে পারব? নির্দিষ্ট করে সরকার কিছু না বললে তো ব্যবসায়ীরা বিনিয়োগের পরিকল্পনা করতে পারছে না। অন্যদিকে গ্যাসের মজুত নেই, বিষয়টি আমরা সবাই বুঝতে পারছি। গ্যাস-সংকট মোকাবিলায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে এলএনজি টার্মিনাল নির্মাণের কথা বলছে সরকার। তবে আমরা জানি না কবে নাগাদ সেটি হবে। আমাদের মনে হয়, বাংলাদেশের সব বিষয় যেমন তদন্তাধীন কিংবা পরিকল্পনাধীন থাকে, এলএনজির বিষয়টিরও তেমনই অবস্থা। আমরা শুনছি, এলএনজির দাম বর্তমানে ব্যবহৃত গ্যাসের চেয়ে তিন-চার গুণ, এমনকি আরও বেশি হবে। হঠাৎ করে বেশি দামের গ্যাস দিয়ে কি বর্তমানের শিল্পকারখানা টিকে থাকতে পারবে? এসব বিষয় নিয়ে আসলে কোনো গবেষণা নেই। সব মিলিয়ে ব্যবসায়ীরা একধরনের অনিশ্চয়তার মধ্যে আছেন। জমি ও গ্যাসের বিষয়ে বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার।
প্রথম আলো: কী ধরনের নীতি সহায়তা দিলে বেসরকারি বিনিয়োগ বাড়তে পারে?
তপন চৌধুরী: বিনিয়োগ বাড়াতে বাজেটে সম্ভাবনাময় খাতে প্রণোদনা দেওয়া যেতে পারে। প্রণোদনা মানে কিন্তু কেবল নগদ সহায়তা নয়। আগে একসময় নতুন শিল্পকারখানায় সরকার পাঁচ বছরের কর অবকাশ দিত। কয়েক বছর ধরে সেটি বন্ধ আছে। একটি উদাহরণ দিই—বর্তমানে খুবই সম্ভাবনাময় খাত হচ্ছে ওষুধশিল্প। তবে অন্য শিল্পের মতো নতুন প্রতিষ্ঠান ওষুধ উৎপাদন করলেই কিন্তু বিক্রি হয় না। চিকিৎসক যখন প্রেসক্রিপশনে ওই ওষুধটি লেখেন, তখনই আসলে ফার্মেসিতে ওষুধ বিক্রি হয়। চিকিৎসকের কাছে ওষুধটি পরিচিত করতেই চার-পাঁচ বছর লেগে যায়। তাই ওষুধ কারখানা স্থাপনের পরপরই করের বোঝা চাপলে টিকে থাকা মুশকিল। সে জন্য নতুন যেকোনো শিল্পকারখানা স্থাপনে পাঁচ বছরের কর অবকাশ-সুবিধা দেওয়া দরকার। এদিকে দেশের কর কাঠামো খুব ঘন ঘন পরিবর্তিত হয়। দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে সরকার চাইলেই লেভি ও চার্জ কমিয়ে অভ্যন্তরীণ পথে বিমানভাড়া হ্রাস করতে পারে। বাসের সঙ্গে বিমানভাড়ার তফাত কমে এলে দেশের যেসব জেলায় শিল্পকারখানা কম, সেখানে শিল্প স্থাপনে আগ্রহী হবেন অনেকেই। কারণ, তখন ব্যবসায়ীসহ প্রতিষ্ঠানের বড় কর্মকর্তারা দিনে দিনে ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে কারখানায় গিয়ে কাজ সেরে আসতে পারবেন।
প্রথম আলো: নতুন বিনিয়োগের জন্য কোন খাত বর্তমানে সম্ভাবনাময় বলে আপনি মনে করেন?
তপন চৌধুরী: আউটসোর্সিং বর্তমানে খুবই সম্ভাবনাময় ব্যবসা। শিক্ষিত ছেলেমেয়েরা প্রতিবছর বের হচ্ছেন। তাঁদের প্রশিক্ষিত করে আউটসোর্সিং ফার্মে কাজে লাগানো যায় সহজেই। তা ছাড়া পর্যটন খাতে সুযোগ আছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতে বেশ সুযোগ আছে। এসব খাতে বিনিয়োগে উৎসাহিত করতে বাজেটে বিশেষ সহায়তা দেওয়া যেতে পারে।
সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার