দেশের ট্যানারি শিল্পের মালিকেরা কোরবানির পশুর কাঁচা চামড়া কেনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তাঁরা গরুর চামড়ার নতুন দাম প্রতি বর্গফুট ৬৫ থেকে ৭০ টাকা নির্ধারণ করেছেন।গতকাল মঙ্গলবার বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতির (বিএফএলএলএফইএ) এক যৌথসভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভা শেষে এই সিদ্ধান্ত গতকালই তাঁদের সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে আজ থেকে বর্ধিত দামে চামড়া কেনা শুরু হবে। এ ছাড়া ট্যানারির মালিকেরা আজ বুধবার আড়তের মালিকদের সঙ্গে বৈঠক করবেন।এর আগে ট্যানারির মালিকদের দুটি সমিতি বাজার অস্থিতিশীল হওয়ায় গত রোববার চামড়া কেনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।উল্লেখ্য, কোরবানির আগেই কাঁচা চামড়ার দর নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তার পরও চামড়ার ব্যবসায়ীরা নির্ধারিত দরের চেয়ে বেশি দামে কোরবানির পশুর চামড়া কিনেছেন। কিন্তু ট্যানারির মালিকেরা এখন বেশি দরে চামড়া কিনতে অস্বীকৃতি জানান। এ কারণে চামড়ার বাজারে দর নিয়ে সংকট দেখা দিয়েছে।জানা গেছে, ঈদের আগেই ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০ টাকা, খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২২ টাকা ধার্য করা হয়। এ ছাড়া ঢাকার বাইরে গরুর চামড়ার সর্বোচ্চ দর প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকা করা হয়েছিল।বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, অনির্দিষ্টকালের জন্য কাঁচা চামড়া বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে প্রতি বর্গফুট গরুর চামড়া ৬৫ থেকে ৭০ টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দামে পাওয়া গেলে চামড়া কেনা হবে। আর না পেলে ট্যানারির মালিকেরা চামড়া কিনবেন না। তবে কোনো অবস্থাতেই প্রতি বর্গফুট ৮০ থেকে ৯০ টাকায় কেনা সম্ভব নয়। উচ্চ দামে চামড়া কিনে কেউ লোকসান দিতে আগ্রহী নন।বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আফতাব বলেন, ঢাকার প্রায় সব চামড়া আড়তে চলে এসেছে। কয়েক দিনের মধ্যে ঢাকার বাইরের চামড়াও আসতে শুরু করবে। তিনি বলেন, চামড়ার দর মূলত আকার ও মানের ওপর নির্ভর করে। দেশের সব জেলার চামড়ার দরও সমান হয় না।ট্যানারির মালিক ও কাঁচা চামড়ার আড়ত সূত্রে জানা গেছে, এবারের ঈদে পশু কোরবানির সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। এর ফলে এবার কাঁচা চামড়ার জোগান গত ঈদ মৌসুমের চেয়ে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়বে। সাধারণত সারা বছর যে চামড়া সংগ্রহ করা হয়, তার প্রায় ৫০ শতাংশই সংগ্রহ করা হয় কোরবানির মৌসুমে। এবার সব মিলিয়ে সারা দেশে প্রায় ৬০ লাখ গরু ও খাসি কোরবানি হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ থেকে ৪৫ লাখ গরু।