ব্যবসায়ীরা খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যটকদের ভিড়ে মুখরিত কুয়াকাটা সমুদ্রসৈকত। গতকাল সোমবার তোলা ছবি l প্রথম আলো
পর্যটকদের ভিড়ে মুখরিত কুয়াকাটা সমুদ্রসৈকত। গতকাল সোমবার তোলা ছবি l প্রথম আলো

বৈরী আবহাওয়ার মধ্যেও সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য দেখতে হাজার হাজার পর্যটক ছুটে এসেছেন কুয়াকাটায়। সমুদ্রসৈকত থেকে শুরু করে ঝাউবাগান, রাখাইনদের বৌদ্ধবিহারসহ বিভিন্ন দর্শনীয় স্থানে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। তাই হোটেল-মোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা ভীষণ খুশি।
একই জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের বিরল দৃশ্য দেখতে পটুয়াখালী জেলার কুয়াকাটায় ছুটে আসেন পর্যটকেরা। তবে ঈদসহ অন্যান্য ছুটির সময়েই এখানে পর্যটকদের ভিড় বাড়ে। আর এই পর্যটনকেন্দ্রকে ঘিরেই এখানে গড়ে উঠেছে আবাসিক হোটেল ও রেস্তোরাঁসহ নানা ব্যবসা। সব মিলিয়ে কুয়াকাটায় ছোট-বড় ৫০টির মতো হোটেল-মোটেল আছে। এসব হোটেল-মোটেলে এখন অন্তত এক সপ্তাহের আগাম বুকিং রয়েছে।
চলতি বছরের শুরু থেকে রাজনৈতিক অস্থিরতার কারণে তিন মাস তেমন পর্যটক আসেননি। তাই বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে ব্যবসায়ীদের। তবে ঈদের ছুটিতে পর্যটকদের আগমনে তাঁদের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া একটু ভালো হলে পর্যটকদের আগমন বেড়ে যাবে। ফলে বছরের প্রথম তিন মাসের লোকসান কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা।
গত রোববার সকালে কুয়াকাটা সমুদ্র সৈকতে গিয়ে দেখা যায়, বৃষ্টির মধ্যেই দলে দলে কুয়াকাটা সমুদ্রসৈকতে আসছেন পর্যটকেরা। অনেকেই গাড়ি থেকে নেমেই সরাসরি সাগরে নেমে পড়ছেন। কেউবা সৈকতে বিভিন্ন খেলাধুলায় মেতে উঠছেন। বৃষ্টি একটু কমলেই সৈকতে পর্যটকের ভিড় বেড়ে যায়।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মতলেব শরীফ প্রথম আলোকে বলেন, গত বছর থেকে পর্যটকদের আগমন তেমন না থাকায় ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছিলেন। তবে এই ঈদে মোট ২৫ হাজার পর্যটকের সমাগম ঘটবে এমন আশাবাদ জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের হতাশা কেটে গেছে। কুয়াকাটার ব্যবসায়ীরা এখন খুশি।