ব্যবসায়ীরা পেঁয়াজের দাম কমানোর আশ্বাস দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুত কমে যাওয়া এবং কুয়াশার কারণে ভারতীয় পেঁয়াজের ট্রাক আসতে না পারায় পেঁয়াজের সরবরাহ সংকট দেখা দিয়েছিল। তবে নতুন পেঁয়াজ ওঠায় সংকট কেটে গেছে। এখন দামও কমে আসবে। সচিবালয়ে গতকাল সোমবার বাণিজ্যসচিব মাহবুব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এ আশ্বাস দেন। এতে অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী, মনোজ কুমার রায়, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সহসভাপতি মো. হেলাল উদ্দিন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান সারোয়ার জাহান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞা, কাপ্তান বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান খান, শ্যামবাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র জানায়, সভায় বাণিজ্যসচিব ব্যবসায়ীদের কোনো সমস্যা থাকলে সরকারকে জানাতে বলেছেন। বিপরীতে ব্যবসায়ীরা বলেছেন, এখন আর কোনো সমস্যা নেই। এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন বলেছেন, আশা করা যায়, বাজারে চাহিদা মোতাবেক পেঁয়াজের সরবরাহ ঠিক থাকবে এবং এখন থেকে প্রতিদিন পেঁয়াজের দাম কমবে।সচিব জানান, পেঁয়াজের বাজার কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেবে সরকার। তবে ব্যবসায়ীরা সচিবকে বলেছেন, দাম কমে আসবে নিশ্চিত। তাই অন্তত এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে না।টিসিবির তথ্যমতে, আমদানি করা পেঁয়াজ গতকাল সোমবার ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।