ব্যবসায়ীরা যেন টাকা পাচার করতে না পারেন: কৃষিমন্ত্রী

গতকাল আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকায় সেমিনারের আয়োজন করে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক
ফাইল ছবি

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ব্যবসায়ীরা যাতে বিদেশে টাকা পাচার করতে না পারেন, সে জন্য শুল্ক কর্মকর্তাদের শপথ নিতে হবে। কারণ, ব্যবসায়ীরা আন্ডার ইনভয়েস ও ওভার ইনভয়েসের (আমদানি-রপ্তানিতে পণ্যের দাম বেশি বা কম দেখানো) মাধ্যমে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করছেন। আবার একশ্রেণির সরকারি কর্মকর্তাও দুর্নীতি করে উপার্জিত টাকা পাচার করে নিয়ে যাচ্ছেন।

গতকাল বুধবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সেমিনারে শুল্ক কর্মকর্তাদের উদ্দেশে কৃষিমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সীমিত পরিসরে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

টাকা পাচারকারীদের কঠোর শাস্তির আওতায় আনার সুপারিশ করে কৃষিমন্ত্রী আরও বলেন, কোরিয়ার মতো দেশে অর্থ পাচারের শাস্তি মৃত্যুদণ্ড। ফলে সে দেশের অর্থ দেশেই বিনিয়োগ হয়েছে। দেশটিতে জাহাজ নির্মাণসহ ভারী শিল্পে বিপুল অর্থ বিনিয়োগ হয়েছে। টাকা পাচার বন্ধে তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, উন্নয়নের মহাসড়কে রয়েছে বাংলাদেশ। এখন গতি আরও বাড়াতে হবে। এ জন্য আরও রাজস্বের জোগান দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হলে আন্তর্জাতিক বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা থাকবে না। তখন শুল্কব্যবস্থা কী রকম হবে, তা নিয়ে এখনই কাজ শুরু করতে হবে। শুল্ক কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বাড়াতে হবে।

মানি লন্ডারিং তথা অর্থ পাচার প্রতিরোধে শুল্ক বিভাগে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, আগামী ২০৩১ সালের মধ্যে বাংলাদেশের উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হতে শিল্পায়নের কোনো বিকল্প নেই। এ জন্য এনবিআর ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।

সেমিনারে ব্যবসায়ীদের পক্ষ থেকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ বক্তব্য দেন।

এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘বাংলাদেশে কর-জিডিপির অনুপাত ৯ শতাংশের ঘরে, যা বেশ কম। এর কারণ, কর ছাড়। বহু সরকারি সংস্থাও কর মওকুফের আবেদন করে, যা আমাদের বিব্রত হরে। বহু দেশের সরকারি প্রতিষ্ঠান কর দেয়। ওই সব দেশের কর-জিডিপি অনুপাত বেশ ভালো। আবার আমাদের দেশে বিভিন্ন ব্যবসায়েও কর ছাড় দিতে হয়। এসব কর ছাড় না দিলে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত দাঁড়াত ১৬ শতাংশ।’