এ সপ্তাহের সাক্ষাৎকার: বাজেট সামনে রেখে দেশের শুল্ককাঠামো, দেশীয় শিল্পের সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. সাহাব উল্লাহ
ব্যবসায়ীরা শুধু শুল্ক কমাতে চান
প্রথম আলো: ট্যারিফ কমিশনের মূল কাজ ট্যারিফ বা শুল্ককাঠামো নির্ধারণ। কিন্তু কমিশন সেই দায়িত্ব কতটা পালন করতে পারছে?মো. সাহাব উল্লাহ: ট্যারিফ কমিশনের কাজ হলো, শুল্ককাঠামো পুনর্বিন্যাস করা। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এই কাজটি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য দেশে শুল্কসংক্রান্ত সব কাজ করে ট্যারিফ কমিশন বা এ জাতীয় সংস্থা। ট্যারিফ কমিশনের দেওয়া দিকনির্দেশনা অনুযায়ী রাজস্ব কর্মকর্তারা রাজস্ব আদায় করেন। তবে বাংলাদেশে শুল্কসংক্রান্ত নীতি তৈরি করে এনবিআর। সরকার অবশ্য এখন এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করেছে। তাই গত বছরের জুন মাসে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিল্প উন্নয়নের পরিষদের সিদ্ধান্ত হয়, শিল্প কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতির শুল্ককাঠামো পুনর্নির্ধারণের জন্য ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে প্রধান করে ১০ সদস্যের কমিটি কাজ করবে। এখন আমরা ব্যবসায়ীসহ সব অংশীদারের সঙ্গে সভা করছি। মুশকিল হলো, ব্যবসায়ীরা শুধু আরোপিত শুল্ক কমানোর পরামর্শ দিয়েছেন। তবে কমিটি সব কিছু বিবেচনা করে আগামী মাসের প্রথম সপ্তাহে শিল্প কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতির শুল্ককাঠামো পুনর্বিন্যাসসংক্রান্ত প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে। হয়তো আগামী বাজেটে এর প্রতিফলন থাকবে। আসলে সব ব্যবসায়ীই শুধু শুল্ক কমাতে চান। ব্যবসায়ীদের এমন মনোভাব থেকে বের হয়ে আসা প্রয়োজন। কেউ ভাবেন না, সরকারের রাজস্ব ব্যয় বাড়ছে, উন্নয়ন পরিকল্পনা বড় হচ্ছে।প্রথম আলো: ব্যবসাসহায়ক পরিবেশ সৃষ্টিতে ট্যারিফ কমিশন কতটা ভূমিকা রাখছে?মো. সাহাব উল্লাহ: নতুন গড়ে ওঠা স্থানীয় শিল্প খাতগুলোকে (শিশু শিল্প বা ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি) সহায়তা করা ট্যারিফ কমিশনের অন্যতম কাজ। এ ছাড়া আমদানির বিকল্প যেন দেশেই তৈরি হয়, সে জন্য সহায়ক নীতি তৈরি করাও ট্যারিফ কমিশনের কাজ। কোনো শিল্প খাত যদি কোনো শিল্পের কাঁচামাল দেশেই তৈরি করে, তবে সেই ধরনের খাতকে উৎসাহিত করা। সংশ্লিষ্ট কাঁচামাল আমদানি নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় উদ্যোগের সুপারিশ করে থাকে ট্যারিফ কমিশন। এভাবে থিংক ট্যাংকের কাজ করে থাকে ট্যারিফ কমিশন।প্রথম আলো: অনেক দিন হলো সুরক্ষা কর্তৃপক্ষ (সেফগার্ড অথরিটি) গঠন করা হয়েছে। কোনো কার্যকর অগ্রগতি হয়েছে কি?মো. সাহাব উল্লাহ: সুরক্ষা বিধিমালার আওতায় কর্তৃপক্ষ গঠিত হয়েছে। কিন্তু ব্যবসায়ী বা উদ্যোক্তারা যদি অভিযোগ না দেন, তবে কীভাবে কর্তৃপক্ষ কাজ করবে? এখন পর্যন্ত সুরক্ষা বিধিমালার আওতায় আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। সাধারণত, যে খাত ক্ষতিগ্রস্ত হয়, সেই খাতের পক্ষ থেকেই তথ্য-উপাত্তসহ অভিযোগ দিতে হয়। সম্প্রতি একটি পণ্য চীন থেকে বাংলাদেশে ‘ডাম্পিং’ করা হচ্ছে বলে জানতে পারে ট্যারিফ কমিশন। এরপর চীনে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসে এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু এভাবে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত স্থানীয় উদ্যোক্তাদের সক্রিয় হতে হবে।প্রথম আলো: সামগ্রিকভাবে বাংলাদেশের শুল্ককাঠামোর অবস্থা কেমন?মো. সাহাব উল্লাহ: বাংলাদেশের মতো ব্যবসাবান্ধব পরিবেশ আর কোথাও নেই। এত দ্রুত ব্যবসা করে এত টাকা আয় করার সুযোগ আর কোথাও নেই। কিন্তু সব ব্যবসায়ী শুল্ক কমানোর দাবি করেন। সরকার যদি শুল্ক কমায় তবে উন্নয়ন ব্যয় নির্বাহ করা হবে কীভাবে? সরকারের উন্নয়ন ব্যয় বাড়ছে। এতে বিদেশি সহায়তার পরিমাণ কমছে। স্থানীয়ভাবেই বেশি অর্থ জোগাড় দিতে হয়। আর উন্নয়ন প্রকল্প বেশি বাস্তবায়িত হওয়ায় সরকারের রাজস্ব ব্যয়ও বাড়ছে। বেতনভাতা খাতে ব্যয় বাড়ছে। এতে সরকারের রাজস্ব ব্যয় বাড়ার ভিত্তি ক্রমেই বড় হচ্ছে।প্রথম আলো: বলা হয়ে থাকে, ট্যারিফ কমিশন শুধু সুপারিশ করতে পারে, কোনো সুপারিশ কার্যকর করতে পারে না। এই বিষয়ে আপনার মন্তব্য কী?মো. সাহাব উল্লাহ: ট্যারিফ কমিশনের জন্মগত কিছু অসম্পন্নতা রয়েছে। তাই কমিশন সক্রিয়ভাবে কাজ করতে পারছে না। ট্যারিফ কমিশনের সুপারিশ কার্যকর করার কিছুটা ক্ষমতা থাকা উচিত। এ জন্য আইনের পরিবর্তন করা দরকার। আবার ট্যারিফ কমিশন ‘কিচেন অব কমার্স মিনিস্ট্রি’ হিসেবে কাজ করে থাকে। এ জন্য ট্যারিফ কমিশনকে প্রতিনিয়ত কাজ করে যেতে হয়। তাই এই সংস্থার পর্যাপ্ত জনবল থাকা দরকার। [সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ]