সাক্ষাৎকার
ব্যবসায়ীরা সংকট কাটিয়ে উঠতে পারছেন না
গাইবান্ধা জেলার ব্যবসা-বাণিজ্যের হালহকিকত নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন গাইবান্ধা চেম্বারের সভাপতি মো. মকছুদার রহমান। সাক্ষাৎকার নিয়েছেন শাহাবুল শাহীন।
প্রশ্ন :
এখন লকডাউন নেই। সব কিছু স্বাভাবিক হয়ে উঠেছে। এ অবস্থায় গাইবান্ধার ব্যবসা–বাণিজ্য কেমন চলছে?
মো. মকছুদার রহমান: লকডাউন বা সাধারণ ছুটি যেটাই বলি, সেটা শেষ হয়েছে। সবাই এখন ব্যবসা করছেন। কিন্তু করোনার প্রভাবে মানুষের হাতে অর্থ কমে যাওয়ায় আগের মতো জিনিসপত্র কিনছে না। তাই ক্রেতার অভাবে ব্যবসায়ীদের কেনাবেচা আগের চেয়ে প্রায় অর্ধেকে নেমে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ব্যতীত অন্যান্য ব্যবসা-বাণিজ্য এখনো প্রাণ ফিরে পায়নি, বরং বেশ নাজুক অবস্থায় রয়েছে।
প্রশ্ন :
যেহেতু করোনার কারণে অনেক ব্যবসা এখনো ঘুরে দাঁড়াতে পারছে না, সেহেতু এই সংকট থেকে মুক্তির উপায় কী?
মকছুদার রহমান: করোনা–ভীতির প্রভাবে হোটেল রেস্টুরেন্ট, রিসোর্টসহ সব ধরনের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা এখনো কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। দীর্ঘদিন ব্যবসা বন্ধ থাকায় তাঁদের অনেকেই ঘরভাড়া, বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেননি। এখন তাঁরা বকেয়া ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। এখানে প্রধানত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা খুবই কঠিন সময় পার করছেন। নদীভাঙন ও বন্যাপ্রবণ এই জেলার ব্যবসায়ীরা মূলধনের অভাবে ঋণ করে দোকানে পণ্য তোলেন। এই ঋণ আবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীর জন্য ‘গোদের ওপর বিষফোড়া’র মতো ঝুঁকি তৈরি করছে। তা ছাড়া উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোও খুব সংকটে আছে। তাই ব্যবসা-বাণিজ্য এখনো স্বাভাবিক গতি ফিরে পায়নি। ফলে ব্যবসায়ীরা সংকট কাটিয়ে উঠতে পারছেন না। সরকার যদি জিনিসপত্রের মূল্য কমিয়ে ক্রেতাদের কাছে সহজলভ্য করতে অব্যাহতভাবে সহযোগিতা করে, তাহলে সংকট থেকে হয়তো মুক্তি পাওয়া যেতে পারে। এখন তো মানুষের কাছে টাকাপয়সা কম, তাই কেনাকাটা কম করছে। বাজারে জিনিসপত্রের দাম কমলে বিক্রি বাড়বে। তখন ব্যবসায়ীরা করোনার প্রভাবে সৃষ্ট সংকট কাটিয়ে উঠতে সমর্থ হবেন বলে আমি আশাবাদী।
প্রশ্ন :
গাইবান্ধার ব্যবসায়ীরা সরকারি কোনো প্রণোদনা পেয়েছেন কী?
মকছুদার রহমান: এখানকার ব্যবসায়ীরা ব্যাংকগুলোর জটিল শর্তের কারণে এখনো কোনো প্রণোদনা নিতে পারেননি। করোনা সংকট কাটাতে ব্যবসায়ীদের, বিশেষত ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনা পাওয়া খুবই প্রয়োজন রয়েছে।
প্রশ্ন :
গাইবান্ধা একটি ‘পকেট শহর’। এ কারণে যোগাযোগব্যবস্থা খারাপ। ব্যবসা-বাণিজ্যও ভালো নয়, এ থেকে উত্তরণের উপায় কী?
মকছুদার রহমান: গাইবান্ধা জেলা শহরটি ঢাকা-রংপুর মহাসড়ক থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। ফলে মহাসড়কের আশপাশে অবস্থিত অন্যান্য জেলা, এমনকি কোনো কোনো উপজেলা সদরের চেয়েও এখানকার যাতায়াতব্যবস্থা অপেক্ষাকৃত অনগ্রসর। এ জেলায় প্রবেশে বা বেরিয়ে যাওয়ার জন্য বিকল্প সড়ক নেই। একটিমাত্র অপ্রশস্ত সড়ক দিয়েই চলাচল করতে হয়। এতে দুটি যানবাহন মুখোমুখি হলেই গতি কমিয়ে চলতে হয়।
প্রশ্ন :
আপনার নিজের ব্যবসার অবস্থা কী?
মকছুদার রহমান: শহরে চার লেন সড়ক প্রকল্পের কারণে অন্য অনেক প্রতিষ্ঠানের মতো সম্প্রতি আমার ইলেকট্রনিক সরঞ্জামের ব্যবসা প্রতিষ্ঠানটিও ভাঙা পড়েছে। তাই নতুন করে শুরু করতে সময় লাগছে।
প্রশ্ন :
করোনা সংকট কাটিয়ে ওঠার জন্য সরকারের কাছে আপনাদের কোনো দাবি আছে?
মকছুদার রহমান: সর্বাগ্রে আমি দেশের সব মানুষের জন্য নিরাপদ করোনা ভ্যাকসিন (টিকা) নিশ্চিতের দাবি জানাই। ব্যবসায়ীদের জন্য করোনায় সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক প্রণোদনা অবশ্যম্ভাবী। এ ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি খাতের প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাই যেন অগ্রাধিকারের ভিত্তিতে কম সুদে ব্যাংক ঋণ পান, সে দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন।
প্রশ্ন :
গাইবান্ধার ব্যবসা–বাণিজ্যের উন্নয়নে কী করা দরকার বলে আপনি মনে করেন?
মকছুদার রহমান: এখানকার ব্যবসা–বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে প্রধান অন্তরায় অনুন্নত যোগাযোগব্যবস্থা ও নদীভাঙন। তাই নদীশাসন তথা নদীভাঙন রোধবিষয়ক বহু বছরের জনদাবি পূরণে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টা দরকার। এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জসহ অন্যান্য জেলার সঙ্গে সব মৌসুমে নদীবেষ্টিত এই জেলার নৌপথে পণ্য পরিবহনে জোর দিয়ে এগোতে পারলে গাইবান্ধায় ইতিবাচক পরিবর্তন আসবে।