ব্যবসায়ীরা হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছেন
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনসহ (এফবিসিসিআই) বিভিন্ন ব্যবসায়ী সংগঠন আজ রোববার থেকে টানা ৩৬ ঘণ্টা হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে। দুই দিনব্যাপী এ হরতাল দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করবে বলেও ব্যবসায়ীরা মনে করেন।গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, বর্তমানে দেশের প্রায় তিন কোটি লোক বেকার এবং প্রতিবছর ২০ লাখ লোক কর্মসংস্থান বাজারে আসছে। কিন্তু সরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ খুবই কম। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশে দেশের ভাবমূর্তি উন্নয়নের লক্ষ্যে তিনি বিরোধী দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল প্রত্যাহারের আহ্বান জানান।তিনি আরও বলেন, হরতাল ডাকলেই বিদেশি বিনিয়োগকারী ও আমদানিকারকেরা মনে করেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই। তাই তাঁরা অন্য দেশে বিনিয়োগ নিয়ে যান এবং অন্য দেশ থেকে পণ্য আমদানি করেন।এদিকে গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই দিনব্যাপী আহূত হরতালে উদ্বেগ প্রকাশ করেছে এবং তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।প্রায় পাঁচ হাজার সদস্যবিশিষ্ট দেশের এসএমই খাতের সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন ঢাকা চেম্বার মনে করে, এ ধরনের হরতাল দেশের শিল্প ও বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করবে, যা দেশের জন্য মঙ্গলজনক নয়। ডিসিসিআই বিশ্বাস করে যে দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক গতিধারায় বিদ্যুৎ ও জ্বালানিস্বল্পতার মধ্যে এমন আন্দোলন শিল্পোৎপাদন, আমদানি-রপ্তানি ও দৈনন্দিন ব্যবসায় কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে। ডিসিসিআই এ হরতাল প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে ও রাজনৈতিক দলগুলোর প্রতি অর্থনীতি এবং দেশের উন্নয়ন ব্যাহত হয় এমন রাজনৈতিক আন্দোলনের গণতান্ত্রিক চর্চার বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।অন্যদিকে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) চেয়ারম্যান শেখ কবির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি ও সোমবার বিএনপি ও তার শরিক দলগুলো কর্তৃক আহূত ৩৬ ঘণ্টা হরতাল প্রত্যাহারের জন্য দলের নেতাদের প্রতি আহ্বান জানান।বিআইএ মনে করে, হরতালে দেশের জনগণের জানমালের ক্ষতি হবে ও তাঁদের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হবে। এতে দেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে এবং দেশের বিমা কোম্পানিগুলোকে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে হবে।