ব্যবসায়ের প্রসারে হিসাবপ্রযুক্তি ব্যবহারের আহ্বান
‘এশিয়ার অনেক দেশ হিসাবপ্রযুক্তি ব্যবহারে এগিয়ে গেছে। শিল্প খাত শক্তিশালী হয়েছে। আমরা কখনোই প্রযুক্তির সঙ্গে সমানতালে চলিনি। সে জন্য ব্যবসায়ের প্রসারে আমাদের হিসাবপ্রযুক্তি ব্যবহার করা দরকার।’ এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ কথা বলেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণে কম্পিউটারায়ণ পদ্ধতির ওপর গত বৃহস্পতিবার কর্মশালাটির আয়োজন করা হয়। ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এসএমই ফাউন্ডেশনে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান মমতাজ উদ্দিন, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ বি এম খোরশেদ আলম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খন্দকার আতিক-ই-রব্বানী।