ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ডের নতুন সংস্করণের (ভার্সন-২) বিষয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ‘একমত’ নয়। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে তারা। অবশ্য তার আগে অ্যাকর্ডের বিষয়ে সাধারণ সদস্যদের মতামত শুনবেন সংগঠনের নেতারা।
রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ে গতকাল শনিবার দুপুরে সংগঠনটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। বৈঠকে বর্তমান নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, আনোয়ার-উল-আলম চৌধুরী, সফিউল ইসলাম মহিউদ্দিন ও আতিকুল ইসলাম।
বৈঠকে উপস্থিত বিজিএমইএর একাধিক নেতা বিষয়টি জানিয়ে বলেন, শিগগিরই সাধারণ সভা করে অ্যাকর্ডের বিষয়ে নিজেদের সদস্যদের মতামত নেবে সংগঠনটি। তারপর নতুন সংস্করণের বিষয়ে ব্যবস্থা নিতে সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দেওয়া হবে। এতে অ্যাকর্ডের প্রথম সংস্করণ বাস্তবায়নে কী সমস্যা হচ্ছে এবং দ্বিতীয় সংস্করণে কী কী সমস্যা সৃষ্টি হতে পারে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করবেন বিজিএমইএর নেতারা।
জানতে চাইলে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান গতকালের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি। তিনি প্রথম আলোকে বলেন, অ্যাকর্ডের নতুন সংস্করণ বিষয়ে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের সহসভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, অ্যাকর্ডের নতুন সংস্করণের বিষয়ে সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে। এ ছাড়া রেমিডিয়েশন কো-অর্ডিনেশন সেলকে (আরসিসি) শক্তিশালী করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং সরকারকে জানানো হবে। কারণ, এই আরসিসিই ভবিষ্যতে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম অধিগ্রহণ করবে।
২০১৪ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর অ্যাকর্ড গঠিত হয়। প্রায় ২০০ ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান এবং বৈশ্বিক ট্রেড ইউনিয়ন অ্যাকর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ আছে। চুক্তিবদ্ধ ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের পোশাক তৈরির কাজ করে—এমন প্রায় ১ হাজার ৬০০ কারখানার কর্মপরিবেশ উন্নয়নের দায়িত্বে আছে অ্যাকর্ড। আগামী মে মাসে তাদের কার্যক্রম গোটানোর কথা ছিল।
অ্যাকর্ড গত মাসে জানায়, ২০২১ সালের মে মাস পর্যন্ত থাকবে তারা। এরপর তারা বাংলাদেশ সরকারের কোনো প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব হস্তান্তর করে চলে যাবে। এ জন্য অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটি ২০১৯ সালের ডিসেম্বরে একটি সমীক্ষা করবে। এ সময় তারা দেখবে, সরকারের কোনো প্রতিষ্ঠান সক্ষমতা অর্জন করেছে কি না। না হলে অ্যাকর্ডের সময়সীমা আরও এক বছর বাড়বে।
সাসটেইনেবল কমপ্যাক্টের মাধ্যমে অ্যাকর্ড গঠিত হয়। কমপ্যাক্টের অংশীদার দেশের রাষ্ট্রদূতদের ডেকে ২ জুলাই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, অ্যাকর্ড একতরফা সিদ্ধান্ত নিয়েছে। এটি কোনোক্রমেই প্রত্যাশিত নয়। অ্যাকর্ড প্রস্তাব দিতে পারে, সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।
অ্যাকর্ডের নতুন সংস্করণ বাস্তবায়ন হলে পোশাকশিল্পের সরবরাহ ব্যবস্থায় থাকা সুতা, বস্ত্র, সরঞ্জাম ও মোড়কীকরণ পণ্য উৎপাদনের কারখানা পরিদর্শন ও কারখানার অভ্যন্তরে শ্রমিক সংগঠনের স্বাধীনতার বিষয়টি তদারকি করার অধিকার পাবে অ্যাকর্ড। মূলত এই দুটি বিষয় নিয়ে পোশাক কারখানার মালিকেরা চিন্তিত।