ব্যবস্থাপনায় অতিরিক্ত খরচ করছে সাধারণ বিমা কোম্পানিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিমা আইন লঙ্ঘন করে ব্যবস্থাপনার নামে অতিরিক্ত টাকা খরচ করছে দেশের সাধারণ বিমা (নন-লাইফ) কোম্পানিগুলো। এতে বিমা গ্রাহকদের দাবি নিষ্পত্তির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে এবং শেয়ারহোল্ডারদের স্বার্থও ক্ষুণ্ন হচ্ছে।
বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পক্ষ থেকে সম্প্রতি সাধারণ বিমা কোম্পানিগুলোকে পাঠানো চিঠিতে এ কথা বলা হয়েছে।
আইডিআরএ কোম্পানিগুলোর সাত বছরের (২০০৯-১৫) ব্যবস্থাপনা ব্যয়ের একটি প্রতিবেদনও পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে গত সপ্তাহে পাঠানো এ প্রতিবেদনে বলা হয়েছে, সাত বছরে দেশের ৪৫টি সাধারণ বিমা কোম্পানি ব্যবস্থাপনায় মোট খরচ করেছে ৫ হাজার ৬৫ কোটি টাকা। অথচ আইন অনুযায়ী কোম্পানিগুলোর ৩ হাজার ৭২৬ কোটি টাকা খরচ করার কথা। এই সময়ে তারা ১ হাজার ৪৫১ কোটি টাকা বেশি খরচ করেছে।
সব ধরনের কমিশন পরিশোধসহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খরচের যোগফলই হচ্ছে বিমা কোম্পানির ব্যবস্থাপনা খরচ। বিমা আইন, ২০১০-এর ৬৩ ধারায় বলা হয়েছে, কোনো নন-লাইফ বিমা কোম্পানি কোনো পঞ্জিকা বছরে ব্যবসা সংগ্রহের কমিশন খরচ বা পারিশ্রমিকসহ ব্যবস্থাপনা খরচ হিসেবে নির্দেশিত সীমার অতিরিক্ত অর্থ খরচ করবে না।
বিমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) উদ্দেশে চিঠি পাঠিয়ে আইডিআরএ বলেছে, তারা বিমা আইন, ২০১০-এর ৬৩ ধারা লঙ্ঘন করছে এবং ১৯৫৮ সালের বিমা বিধির ৪০ ধারাও যথাযথভাবে অনুসরণ করছে না।

গত ৩ আগস্ট পাঠানো চিঠিতে আইডিআরএ অতিরিক্ত খরচগুলো আগামী পাঁচ বছরের মধ্যে পুনর্ভরণ করতে কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে। নতুন লাইসেন্স পাওয়া শিকদার ইনস্যুরেন্স ও সেনা কল্যাণ ইনস্যুরেন্সকে এ ব্যাপারে সময় দেওয়া হয়েছে তিন বছর।

পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা খরচ পাঁচ বছরে কীভাবে পুনর্ভরণ করা হবে, সে ব্যাপারে বাস্তবভিত্তিক পরিকল্পনা জমা দিতেও কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে আইডিআরএ।

আইডিআরএ অবশ্য পুনর্ভরণের দুটি উপায়ও বলে দিয়েছে। একটি হচ্ছে কোম্পানিগুলো ভবিষ্যতে অনুমোদিত ব্যবস্থাপনা খরচের চেয়ে কম খরচ করতে পারে। অন্যটি হচ্ছে, পরিচালকেরা কোম্পানিগুলোতে অতিরিক্ত অর্থ দিতে পারেন।

আইডিআরএর কর্মকর্তারা বলছেন, একটি নন-লাইফ বিমা কোম্পানি যা আয় করে, তার পুরোটাই খরচ করে ফেলতে পারে না। কারণ, আয়ের সঙ্গে সঙ্গে কোম্পানিটির দায়ও তৈরি হয়। আর বেপরোয়া খরচ করলে কোম্পানির দাবি পূরণের সক্ষমতা কমে যায়। আর, আয়ের কত শতাংশ খরচ করা যাবে, তা আইনেই বলে দেওয়া আছে। কিন্তু কোনো কোম্পানিই তা মানছে না।

অতিরিক্ত খরচের জন্য গত ২৯ জুন বিমা কোম্পানির সিইওদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে ব্যাখ্যাও চেয়েছে আইডিআরএ।

আইডিআরএর প্রতিবেদন অনুযায়ী, সাত বছরে সবচেয়ে বেশি ব্যবস্থাপনা খরচ করেছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি। কোম্পানিটি সাত বছরে ব্যবস্থাপনা খরচ করেছে ৬৬১ কোটি টাকা। আইডিআরএ বলেছে, আইন অনুযায়ী কোম্পানিটির সাত বছরে ৫০৫ কোটি টাকা খরচ করার এখতিয়ার থাকলেও খরচ বেশি করেছে ১৫৬ কোটি টাকা।

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের সিইও ফারজানা চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, আইডিআরএ যে অতিরিক্ত ব্যবস্থাপনা খরচের কথা বলেছে, তা করা হয়েছে ১৯৫৮ সালের বিধি অনুযায়ী। বর্তমান বাস্তবতায় এই বিধি সংগতিপূর্ণ নয়।

‘সলভেন্সি মার্জিন’ বিধি করার দাবি জানিয়ে এবং সাত বছরের অর্থ পাঁচ বছরে পুনর্ভরণ করা অবাস্তব উল্লেখ করে ফারজানা চৌধুরী বলেন, ‘শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়লে ১০ বছর ধরে গ্রিন ডেল্টা গড়ে প্রতিবছর কীভাবে শেয়ারহোল্ডারদের ৩৭ শতাংশ করে লভ্যাংশ দিচ্ছে?’

শিকদার ইনস্যুরেন্স ও সেনা কল্যাণ ইনস্যুরেন্স ২০১৩ সাল থেকে কার্যক্রম শুরু করেছে। এই সময়ে শিকদার ইনস্যুরেন্স ১৯ কোটি টাকার বদলে ৩৩ কোটি টাকা খরচ করেছে। আর সেনা কল্যাণ ইনস্যুরেন্স খরচ করেছে ১২ কোটি টাকার বদলে ১৫ কোটি টাকা।

যোগাযোগ করলে বিজিআইসির সিইও আহমেদ সাইফুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘স্বীকার করছি, খরচ বেশি হয়েছে। কিন্তু তা হয়েছে বাস্তবতার কারণেই।’ তিনিও মনে করেন, সলভেন্সি মার্জিন বিধি হয়ে গেলে ব্যবস্থাপনা খরচ নিয়ে আইডিআরএর চিন্তা করারই দরকার পড়বে না।

অতিরিক্তখরচেশীর্ষ১০কোম্পানি (কোটি টাকায়)

কোম্পানি          মোট খরচ         অনুমোদিত খরচ       অতিরিক্ত খরচ

গ্রীন ডেল্টা         ৬৬১               ৫০৫                ১৫৬

ফিনিক্স             ১৭৫                ৬৫                 ১১০

প্রগতি              ২১০               ১২৮                 ৮২

বিজিআইসি         ১৯৩               ১১৭                 ৭৬

ফেডারেল          ১৪৩                ৭৭                  ৬৬

ইস্টল্যান্ড            ১৮৫               ১৩১                 ৫৪

ইসলামী             ৮৮                ৩৫                 ৫৩

রিপাবলিক          ১২৬                ৭৫                  ৫১

পিপলস            ১৫০                ১০১                 ৪৯

ইউনিয়ন            ৭৮                 ৩১                  ৪৭