ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা
মূসক দিবসের মতো জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন কেউই উপস্থিত ছিলেন না।
জানা গেছে, অর্থমন্ত্রী গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সরকারি সফরে গেছেন। আর গোলাম হোসেন বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল আয়োজিত এক সেমিনারে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাও দেখবেন বলে জানা গেছে।
মূসক দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও এনবিআরের চেয়ারম্যানের অনুপস্থিতি বেশ দৃষ্টিকটু লেগেছে। এ ধরনের অনুষ্ঠান পাশ কাটিয়ে অর্থমন্ত্রী ও এনবিআরের চেয়ারম্যানের বিদেশ সফর কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ছাড়া অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ফিরোজ শাহ আলম। এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে গেছেন তিনিও। তাই তাঁর পক্ষে মূল প্রবন্ধটি পড়েন কমিশনার লুৎফর রহমান।
এদিকে গতকালের অনুষ্ঠানের ব্যবস্থাপনাতেও বেশ ঘাটতি ছিল। সম্মাননাপ্রাপ্তদের কাউকে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করার সুযোগ দেওয়া হয়নি। বরং বাণিজ্যমন্ত্রী নিজের বক্তব্য দেওয়ার সময় অনুষ্ঠানের মূল ফোকাসের বাইরে দীর্ঘ রাজনৈতিক বক্তব্য দেন। এমনকি সম্মাননাপ্রাপ্ত সবার হাতে পুরস্কার তুলে না দিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। এর কিছুক্ষণ পর চলে যান প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্ঠা মসিউর রহমান। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই মিলনায়তনটি প্রায় ফাঁকা হয়ে যায়।