ব্যবহার ও বাজার বাড়ছে মোটরসাইকেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশীয় মোটরসাইকেল ব্র্যান্ড রানারের একটি বিক্রয়কেন্দ্রে সারি সারি মোটরসাইকেল। রাজধানীর কাজীপাড়া থেকে গত মঙ্গলবার ছবিটি তুলেছেন আশরাফুল আলম
দেশীয় মোটরসাইকেল ব্র্যান্ড রানারের একটি বিক্রয়কেন্দ্রে সারি সারি মোটরসাইকেল। রাজধানীর কাজীপাড়া থেকে গত মঙ্গলবার ছবিটি তুলেছেন আশরাফুল আলম

ঢাকার রাস্তায় চলতে গিয়ে ট্রাফিক সিগন্যালে আটকে গেলে সবচেয়ে বেশি চোখে পড়া বাহনটির নাম মোটরসাইকেল। আবার বিভিন্ন জেলা-উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলেও এই বাহনের আধিক্য চোখে পড়ে। সব ধরনের ক্রেতার চাহিদার কারণে দেশে দ্রুত বাড়ছে মোটরসাইকেলের ব্যবহার। একই সঙ্গে পণ্যটির বাজারও দিন দিন বড় হচ্ছে।

খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৪-১৫ সালে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের মোটরসাইকেল ব্যবসায় ধস নামে। তবে সেই অবস্থা কাটিয়ে গত দুই বছরে আবার চাঙা হয়ে উঠেছে এ খাত। ২০১৬ সালে দেশে আড়াই লাখ মোটরসাইকেল বিক্রি হয়েছে, যা আগের বছর ছিল ১ লাখ ৮০ হাজার। অর্থাৎ গত বছর গড়ে মোটরসাইকেলের বিক্রিতে ৩০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে।

মোটরসাইকেলের বিক্রি এত বৃদ্ধির পরও বাংলাদেশে বাহনটির ব্যবহার ভারত, পাকিস্তানের মতো প্রতিবেশী দেশের তুলনায় অনেক কম। জাপানের বহুজাতিক ব্র্যান্ড ইয়ামাহার গবেষণা অনুযায়ী, এ দেশে প্রতি ১৬১ জনে একজন মোটরসাইকেল ব্যবহার করেন। ভারতে প্রতি ২০ জনে একজন, আর পাকিস্তানে প্রতি ১৭ জনে একজনের মোটরসাইকেল রয়েছে। মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে মোটরসাইকেলের ব্যবহার আরও বেশি। এ তিন দেশে প্রতি চার থেকে পাঁচজনে একজনের মোটরসাইকেল রয়েছে।

মার্কেট রিসার্চ নামের একটি বেসরকারি সংস্থার সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে এখন মোটরসাইকেলের বাজারের আকার প্রায় তিন হাজার কোটি টাকা। এ বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় ১০০ থেকে ১১০ সিসি (ঘন সেন্টিমিটার) ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল। এই ক্ষমতার মোটরসাইকেলের বাজার অংশীদারত্ব মূল্যের দিক দিয়ে প্রায় ৫০ শতাংশ। দাম তুলনামূলকভাবে কম হওয়ায় এবং কম তেলে বেশি পথ চলার সুবিধার কারণে এই শ্রেণির মোটরসাইকেল ক্রেতাদের কাছে বেশি জনপ্রিয়। এ হিসেবে দ্বিতীয় অবস্থানে আছে ১৫০ সিসি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল। এটির বাজার অংশীদারত্ব প্রায় ৩৩ শতাংশ। অন্যদিকে ১২৫ থেকে ১৩৫ সিসি ক্ষমতার মোটরসাইকেলের বাজার অংশীদারত্ব প্রায় ১৭ শতাংশ।

দেশে বাজাজ, টিভিএস, হিরো, হোন্ডা, ইয়ামাহা, সুজুকি, মাহিন্দ্রা ও কিছু চীনা ব্র্যান্ডের মোটরসাইকেল আমদানি করে আমদানিকারকেরা। অন্যদিকে রানার, যমুনা ব্র্যান্ডের মোটরসাইকেল দেশে তৈরি হয়। সব মিলিয়ে ১৫টি প্রতিষ্ঠিত মোটরসাইকেল ব্র্যান্ড দেশের বাজারে আছে। মোট বাজারের ৮৬ শতাংশ আমদানিকারকদের দখলে, বাকিটা দেশীয় উৎপাদকদের দখলে। আমদানি করা মোটরসাইকেলের বেশির ভাগ আসে ভারত ও চীন থেকে। দেশীয় উৎপাদকেরা ইঞ্জিন বাইরে থেকে আমদানি করে বাকি সব উপকরণ দেশে তৈরি করে।

দেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় ভারতীয় ব্র্যান্ড বাজাজের মোটরসাইকেল। ডিসকভার, পালসারের মতো পুরোনো জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে বাজাজ সম্প্রতি বাজারে এনেছে অ্যাভেঞ্জার ও ভি নামের দুটি নতুন ব্র্যান্ডের মোটরসাইকেল। অতিরিক্ত চাহিদার কারণে বাজাজের নতুন দুটি ব্র্যান্ডের মোটরসাইকেল কিনতে অগ্রিম ক্রয়াদেশ দিতে হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক দেশীয় প্রতিষ্ঠান উত্তরা মোটরস। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘মানের কারণে ক্রেতার এক নম্বর পছন্দ বাজাজের মোটরসাইকেল। দেশের আনাচেকানাচে সব জায়গায় বাজাজের বিক্রেতা, পরিবেশক ও সেবাকেন্দ্র আছে। আমাদের যন্ত্রাংশও বাজারে খুব সহজলভ্য। এসব কারণেই বাজাজ গ্রাহকের আস্থা অর্জন করেছে।’

বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএমএএমএ) সভাপতির দায়িত্বও পালন করছেন মতিউর রহমান। বিএমএএমএর সভাপতি হিসেবে তিনি প্রথম আলোকে বলেন, চলতি বছরের মধ্যে বাজাজ ছাড়াও টিভিএস, হোন্ডা ও হিরো দেশে মোটরসাইকেল উৎপাদন শুরু করতে যাচ্ছে। দেশে উৎপাদিত হলে মোটরসাইকেলের দাম আরও কমানো সম্ভব হবে। তবে এ জন্য সরকারকে কাঁচামাল আমদানির শুল্ক ও কর কমিয়ে নীতিমালা তৈরি করতে হবে।

বর্তমানে দেশে মোটরসাইকেল ও যন্ত্রাংশ আমদানিতে তিন ধরনের কর ব্যবস্থা আছে। যেসব প্রতিষ্ঠান বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রাংশ এনে দেশে মোটরসাইকেল তৈরি করে, তাদের সব মিলিয়ে ৩৮ শতাংশ কর দিতে হয়। দেশীয় ব্র্যান্ড রানার এই হারে তাদের কাঁচামাল আমদানি করে। যারা মোটরসাইকেলের ইঞ্জিনসহ সব যন্ত্রাংশ আলাদা এনে দেশে সংযোজন করে, তাদের ৮৯ শতাংশ কর দিতে হয়। বাজাজ, টিভিএস, হিরো ব্র্যান্ডের মোটরসাইকেল সাধারণত এ পদ্ধতিতে দেশে আমদানি করে বিক্রি করা হয়। আর যারা সম্পূর্ণ তৈরি মোটরসাইকেল আমদানি করে, তাদের সব মিলিয়ে ১৫১ শতাংশ কর দিতে হয়। জাপানি ব্র্যান্ড ইয়ামাহা, সুজুকির মোটরসাইকেল এ পদ্ধতিতে দেশে আমদানি করা হয়। এ জন্য এসব ব্র্যান্ডের মোটরসাইকেলের দাম বাজারে সবচেয়ে বেশি।

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত খোলা অবস্থায় (সিকেডি) মোটরসাইকেল আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করেন। এতে সিসিভেদে (ইঞ্জিনের ক্ষমতা) মোটরসাইকেলের দাম ১০ থেকে ২০ হাজার টাকা কমেছে। যেমন বাজাজ ব্র্যান্ডের পালসার মোটরসাইকেলের দাম আগে ছিল প্রায় দুই লাখ টাকা। এখন তা ২৩ হাজার টাকা কমিয়েছে বাজাজ। দাম কমার পাশাপাশি মোটরসাইকেলের নিবন্ধন খরচেও স্বস্তি এসেছে। ১৫০ সিসির একটি মোটরসাইকেল নিবন্ধনের আগে সরকারকে এককালীন ২১ হাজার টাকা দিতে হতো। এখন এককালীন ১২ হাজার টাকা পরিশোধ করে বাকি টাকা চারটি কিস্তিতে শোধ করা যাবে। প্রতি দুই বছর পরপর একেকটি কিস্তি দিতে হবে।

বিক্রির হিসাবে বাজারে এখন দ্বিতীয় স্থানে আছে ভারতের আরেকটি ব্র্যান্ড টিভিএস। দেশীয় শিল্পগোষ্ঠী সনি-র‍্যাংগ্স গ্রুপ ২০০৭ সাল থেকে বাংলাদেশে টিভিএসের মোটরসাইকেল বাজারজাত করছে। টিভিএস অটো বাংলাদেশ নামে যৌথ অংশীদারিভিত্তিক একটি যন্ত্রাংশ সংযোজন কারাখানাও রয়েছে তাদের। এ বছর থেকে এ কারখানায় পুরোদমে মোটরসাইকেল উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

২০০৬ সাল থেকে নিজস্ব কারখানায় মোটরসাইকেল তৈরি করছে দেশীয় প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস। ৫০ থেকে ১৫০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল তৈরি করে প্রতিষ্ঠানটি। তবে সবচেয়ে বেশি চলে রানারের ৮০ থেকে ১০০ সিসির মোটরসাইকেলগুলো। দেশীয় ব্র্যান্ড হিসেবে চলতি বছরের জানুয়ারি থেকে নেপালের বাজারে মোটরসাইকেল রপ্তানি শুরু করেছে রানার অটোমোবাইলস। রপ্তানির পাশাপাশি দেশের বাজারে ২০১৬ সালে বেশ ভালো ব্যবসা করেছে প্রতিষ্ঠানটি।

রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান প্রথম আলোকে বলেন, দেশের মানুষের কাছে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ভালো মানের মোটরসাইকেল তুলে দিতেই রানার কাজ করে যাচ্ছে। এ শিল্পের জন্য এমন একটি দীর্ঘমেয়াদি নীতিমালা করা প্রয়োজন, যাতে দেশেই মোটরসাইকেল উৎপাদনে সবাই উৎসাহিত হয়। আমদানিনির্ভর থাকলে দেশে মোটরসাইকেলের দাম কমানো সম্ভব হবে না।

দেশীয় শিল্পগোষ্ঠী এসিআই গত বছর থেকে মোটরসাইকেলের জনপ্রিয় জাপানি ব্র্যান্ড ইয়ামাহার মোটরসাইকেল বাংলাদেশে বাজারজাত করা শুরু করেছে। দাম তুলনামূলক বেশি হলেও ইয়ামাহার আরওয়ানফাইভ, এফজেড, ফেজার মোটরসাইকেল তরুণদের কাছে বেশ জনপ্রিয়। গত বছর বাংলাদেশে মোটরসাইকেলের বাজারের ৩ শতাংশ ছিল ইয়ামাহা ব্র্যান্ডের দখলে। এ বছর সেটি ৫ শতাংশে নিয়ে নেওয়ার লক্ষ্যের কথা জানান এসিআই মোটরসের বিপণন বিভাগের কর্মকর্তারা। এ জন্য সারা দেশে ছড়িয়ে থাকা এসিআইয়ের পরিবেশক নেটওয়ার্ক কাজে লাগাচ্ছে প্রতিষ্ঠানটি। বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিতে ইয়ামাহার সার্ভিস সেন্টারও আগের চেয়ে বাড়ানো হয়েছে।

জাপানের আরেক জনপ্রিয় ব্র্যান্ড সুজুকির মোটরসাইকেল ২০১৪ সাল থেকে বাজারজাত করছে র‌্যাংগ্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান র‌্যানকন মোটরস। তরুণদের চাহিদার বিষয়টি মাথায় রেখে ১৫৫ সিসির সুজুকি জিক্সার ব্র্যান্ডের বেশ কয়েকটি মডেলের মোটরসাইকেল বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ১১০ সিসির হায়াতে মোটরসাইকেলও আছে সুজুকির।

বিক্রি বৃদ্ধির পাশাপাশি ২০১৬ সালে মোটরসাইকেলের নিবন্ধন সংখ্যাও অনেক বেড়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ৩ লাখ ৩২ হাজার মোটরসাইকেল নিবন্ধিত হয়েছে, যা আগের বছর ছিল ২ লাখ ৪০ হাজার। অর্থাৎ এক বছরের ব্যবধানে মোটরসাইকেলের নিবন্ধন বেড়েছে প্রায় ৪০ শতাংশ। বিআরটিএর হিসাবে বর্তমানে বাংলাদেশে প্রায় ৩০ লাখ নিবন্ধিত মোটরযান আছে। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ১৮ লাখের বেশি।