ব্যর্থ কারখানার নাম প্রকাশ হোক, চায় না বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মপরিবেশ উন্নয়নে সংস্কারকাজের অগ্রগতি অর্জনে ব্যর্থ পোশাক কারখানার নাম ওয়েবসাইটে প্রকাশ করা যাবে না। এমন দাবি জানিয়ে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্সের বোর্ডের চেয়ার অ্যালেন টশারের কাছে গতকাল সোমবার সন্ধ্যায় তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান ই-মেইল পাঠিয়েছেন।
জানা যায়, বিজিএমইএর কার্যালয়ে গতকাল বিকেলে অ্যালায়েন্সের কর্মকর্তার সঙ্গে নিয়মিত বৈঠকে অংশ নেন সংগঠনের নেতারা। এ সময় বিজিএমইএর পক্ষ থেকে জোটের ওয়েবসাইটে সংস্কারকাজে ব্যর্থ কারখানার নামের তালিকা প্রকাশ না করার দাবি জানানো হয়। তখন অ্যালায়েন্সের কর্মকর্তারা জানান, জোটের গঠনতন্ত্র অনুযায়ী পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতেই ব্যর্থ কারখানার নাম প্রকাশ করা হয়। তবে জোটের বোর্ড সদস্যরা যদি বৈঠকে সিদ্ধান্ত নেন, তবে ভিন্ন কথা। এরপরই বিজিএমইএ অ্যালায়েন্সের বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ক্রেতাদের দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স সংস্কারকাজে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় ৮৩ কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে। পাশাপাশি কারখানাগুলোর নামসহ বিস্তারিত তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে জোট দুটি। এর ফলে দুই জোটের চুক্তিবদ্ধ ২১৮ ব্র্যান্ডের কাজ আর পাবে না কারখানাগুলো। এ বিষয়ে গতকাল প্রথম আলোতে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়।
গতকালের বৈঠকে বিজিএমইএর পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সহসভাপতি মাহমুদ হাসান খান। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘যেসব কারখানার সঙ্গে অ্যাকর্ড ও অ্যালায়েন্স সম্পর্ক ছিন্ন করছে, তাদের অধিকাংশই দুই জোটের চুক্তিবদ্ধ ব্র্যান্ড ও ক্রেতার কাজ করে না। তবে নাম প্রকাশ হওয়ার কারণে অন্য অনেক ব্র্যান্ডের কাজ পেতে কারখানাগুলোর সমস্যা হবে। সে জন্যই আমরা বলেছি, কোনো কারখানা যদি অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সঙ্গে থাকতে না চায় কিংবা সংস্কারকাজ না করে, তবে সেটি কেবল নির্দিষ্ট ব্র্যান্ড ও বিজিএমইএকে জানাবে দুই জোট। ওয়েবসাইটে প্রকাশ করতে পারবে না।’
পরে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, কারখানার নাম ওয়েবসাইটে প্রকাশ না করতে ইতিমধ্যে বিজিএমইএর সভাপতি অ্যালায়েন্স বোর্ডের চেয়ার অ্যালেন টশার ও প্রধান নির্বাহী জেমস মরিয়ার্টিকে ই-মেইলের মাধ্যমে চিঠি দিয়েছেন। এ ছাড়া অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটির বৈঠক চলতি মাসে শেষের দিকে হবে। সেখানেও বিষয়টি নিয়ে আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।
জানতে চাইলে অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন বলেন, ‘অ্যালায়েন্সের চুক্তির মধ্যে আছে, স্বচ্ছতা বজায় রাখতে হবে। তাই ভালো কাজ বা মন্দ কাজ—সবই ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত থাকে। যাতে পোশাক খাতসংশ্লিষ্ট যে কেউ যেকোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। সেটি করা না হলে মনে হবে, আমরা কোনো একটি পক্ষের স্বার্থ রক্ষায় কাজ করছি। তবে আমাদের মূল স্বার্থ হচ্ছে শ্রমিকের নিরাপত্তা।’