ব্যর্থ পরিচালকদের পদ ছাড়তেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির যেসব পরিচালক ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হয়েছেন, তাঁদের পদ ছাড়তেই হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জানিয়েছে, অধিকতর যাচাই-বাছাই শেষে ব্যর্থ পরিচালকদের পূর্ণাঙ্গ তালিকা কমিশনের আগামী সভায় উপস্থাপিত হবে। গত বুধবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যাঁরা এসইসির নির্দেশ পরিপালনে ব্যর্থ হয়েছেন তাঁদের বিষয়ে প্রাপ্ত তথ্য অধিকতর পরীক্ষা-নিরীক্ষাপূর্বক পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে পরবর্তী কমিশন সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।’ এরই মধ্যে কমিশন ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের একটি তালিকা তৈরি করেছে। সাবধানতার জন্য কমিশন সেই তালিকাটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের তৈরি সেই তালিকাটি গত বুধবার প্রথম আলোতে ছাপানো হয়েছে। সেখানে তালিকাভুক্ত ১০২টি কোম্পানির ৩৫৯ জন পরিচালক রয়েছেন, যাঁদের প্রত্যেকের শেয়ার ২ শতাংশের কম। কমিশন সূত্র জানিয়েছে, তালিকা পূর্ণাঙ্গ হওয়ার পর ব্যর্থ পরিচালকদের যাতে কোম্পানির পরিচালনা পর্ষদে রাখা না হয় সেটি নিশ্চিত করবে এসইসি। ন্যূনতম শেয়ার ধারণসংক্রান্ত নির্দেশনাটির যথাযথ পরিপালন নিশ্চিত করতে কমিশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। তারই অংশ হিসেবে বিষয়টি কমিশনের আলোচনায় উঠে আসে। সভায় এক ধরনের সিদ্ধান্তেও পৌঁছায় কমিশন। কিন্তু নির্দেশনা পরিপালনে কঠোর অবস্থানে যাওয়ার আগে কৌশলগত কারণে কমিশন এ-সংক্রান্ত তথ্য আরও যাচাই-বাছাই করে নিতে চায়। কারণ, এর আগে কমিশনের জারি করা নির্দেশনাটি আদালত পর্যন্ত গড়িয়েছিল। কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘কোম্পানির পরিচালকদের শূন্যপদের তালিকা চেয়ে এসইসি গত ২৮ জুন তালিকাভুক্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার চিঠি পাঠায়। তারই পরিপ্রেক্ষিতে ২৩৮টি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ২৩৩টি কোম্পানি কমিশনের কাছে পরিচালকদের শেয়ার ধারণসংক্রান্ত তথ্য জমা দিয়েছে।’ পাঁচটি কোম্পানি তথ্য না দেওয়ায় কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলো হলো: সরকারনিয়ন্ত্রিত যমুনা অয়েল ও ন্যাশনাল টিউবস, বেসরকারি খাতের মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ও সাভার রিফ্যাক্টরিজ। তাদের মধ্যে সরকারি দুটি কোম্পানিকে সতর্ক করা হয়েছে। বাকি তিনটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট বিভাগ। গত বছর ২২ নভেম্বর এসইসি তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণসংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। তাতে বলা হয়, কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের এখন থেকে সব সময় সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০ শতাংশ এবং প্রত্যেক পরিচালককে এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এই নির্দেশনা পরিপালনে এসইসি ছয় মাস সময় বেঁধে দেয়, যা চলতি বছরের ২১ মে শেষ হয়েছে। এসইসির বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার আগে এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তালিকাভুক্ত একাধিক কোম্পানির উদ্যোক্তা পরিচালক হাইকোর্টে একাধিক রিট আবেদন করেন। এসব রিটের শুনানি শেষে আদালত এসইসির নির্দেশনাকে বৈধ ঘোষণা করেন। এর ফলে ২১ মে মধ্যে যেসব পরিচালক এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হয়েছেন কার্যত তাঁদের পরিচালক পদ শূন্য হয়ে যায়। তালিকাভুক্ত অনেক কোম্পানি এরই মধ্যে ব্যর্থ পরিচালকদের পরিচালনা পর্ষদ থেকে বাদ দিলেও অনেক কোম্পানির পরিচালনা পর্ষদে ২ শতাংশের কম শেয়ারধারীরা এখনো রয়ে গেছেন।