ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের আরও ২০ পরিচালকের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের আরও ২০ জন পরিচালক পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিন ধরনের কোম্পানিতে পরিচালক না থাকার জন্য বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা) গত ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের পদত্যাগের সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল।এ রকম শতাধিক পরিচালকের মধ্যে ওই দিন পর্যন্ত পদত্যাগ করেন ৩০ জন। গত মঙ্গলবার পর্যন্ত করেছেন আরও ২০ জন। সব মিলিয়ে পদত্যাগকারী পরিচালক দাঁড়িয়েছে ৫০ জনে। আরও কয়েকজন দ্রুত পদত্যাগ করবেন বলে জানা গেছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি হোসেন খালেদ পদত্যাগ করেছেন সিটি জেনারেল ইনস্যুরেন্স থেকে। সিটি জেনারেল থেকে আরও পাঁচজন পদত্যাগ করেছেন। তাঁরা হলেন: হোসাইন মেহমুদ, হারুন-অর-রশীদ, মনোয়ার হোসেন, গিয়াসউদ্দিন আহমেদ ও হাসিনা বেগম। এর আগে প্রথম আলোয় ১ মার্চ এ সংক্রান্ত সংবাদে এই কোম্পানির আটজনের মধ্যে মাত্র একজন পদত্যাগ করেছেন বলে উল্লেখ করা হয়েছিল। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আরও দুজন পরিচালক আনোয়ার হোসেন ও হোসেন আখতার বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি থেকে পদত্যাগ করায় সিটি জেনারেলের পরিচালক রয়েছেন। ডেল্টা লাইফের চেয়ারম্যান থাকা অবস্থায় পদত্যাগ করেছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন। পূবালী ব্যাংকের পরিচালক থাকবেন তিনি। ডেল্টা লাইফের সৈয়দ মোকাররম আলী, সাইদুল ইসলাম ও নুরুল হুদা—এই তিনজন পরিচালক ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) থেকে পদত্যাগ করবেন বলে ইডরাকে জানিয়েছেন। ইউনিয়ন ক্যাপিটাল থেকে পদত্যাগ করেছেন লুৎফর রহমান বাদল। তিনি আইএফআইসি ব্যাংকের পরিচালক থাকবেন। নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্সের সাইফুল আলম পদত্যাগ করেছেন। প্রাইম ইসলামী লাইফের দুই পরিচালক এম এ ওয়াহাব এবং জেড এম কায়সার পদত্যাগ করেছেন। ক্রিস্টাল ইনস্যুরেন্সের আবদুল্লাহ আল জহির এবং ঢাকা ইনস্যুরেন্সের ফজলুর রহমান পদত্যাগ করেছেন। ফেডারেল ইনস্যুরেন্স থেকে পদত্যাগ করে জসিম উদ্দিন ঢাকা ব্যাংক ও জাহেদুল হক স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক থাকবেন। এক্সপ্রেস ইনস্যুরেন্সের রেজাউল করিম আনসারী, মো. ইউনূস ও আলতাফ হোসেন পদত্যাগ করেছেন। স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের এ কে এম মোশাররফ হুসাইন ও মো. আতিকুর রহমান পদত্যাগ করেছেন।মেঘনা লাইফ থেকে পদত্যাগ করেছেন মতিউর রহমান। প্রাইম ইনস্যুরেন্সের কাজী সলীমুল হক ইডরাকে জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন।গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের পরিচালক নাসির এ চৌধুরী পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।এদিকে পিপলস ইনস্যুরেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ মার্চ প্রথম আলোয় প্রকাশিত ‘৩০ পরিচালকের পদত্যাগ’ বিষয়ক সংবাদে পিপলস ইনস্যুরেন্স ও ইউনিয়ন ক্যাপিটাল থেকে পরিচালক এম এ রশিদের পদত্যাগের তথ্যটি ভুল। প্রকৃত তথ্য হলো, এম এ রশিদ ইউনিয়ন ক্যাপিটাল থেকে পদত্যাগ করেছেন এবং পিপলস ইনস্যুরেন্সের পরিচালক আছেন।বিমা আইন, ২০১০-এর ৭৫ ধারায় বলা হয়েছে, ‘আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, কোনো বিমাকারীর পরিচালক একই শ্রেণীর বিমা ব্যবসার জন্য নিবন্ধীকৃত অন্য কোনো বিমাকারীর বা কোনো ব্যাংক কোম্পানির বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না।’ গত ২৬ জানুয়ারি কোম্পানিগুলোর উদ্দেশে এক তাগাদাপত্রে ইডরা জানায়, ‘আগামী ২৯ ফেব্রুয়ারির পর ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানে আর যুগপৎ পরিচালক থাকা যাবে না।’