ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খাতে চাঙাভাব দেখা গেছে। দাম বাড়ার শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ছয়টি স্থানে রয়েছে বিমা প্রতিষ্ঠানগুলো।ডিএসই সূত্রে জানা যায়, আজ চাঙাভাবের মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শেষ হয়েছে। খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ বিমা খাতের ৪৪টি কোম্পানির মধ্যে ৪২টির, আর্থিক খাতের ২১টির মধ্যে ১৯টির ও ব্যাংক খাতের ৩০টির মধ্যে ২১টি প্রতিষ্ঠানের দাম বাড়ে।আজ দাম বাড়ায় শীর্ষ স্থানে ছিল বিমা খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ১২৪ টাকা ৭৫ পয়সা বা ১৪ দশমিক ১২ শতাংশ বাড়ে। এ ছাড়া একই খাতের রিপাবলিক ইনস্যুরেন্সের ১২ দশমিক ৭৬, নর্দান ইনস্যুরেন্সের ১২ দশমিক ৭৫, সোনার বাংলা ইনস্যুরেন্সের ১২ দশমিক ০১, প্রভাতী ইনস্যুরেন্সের ১১ দশমিক ৬৫ ও গ্লোবাল ইনসু্যুরেন্সের ১২ দশমিক ২৫ শতাংশ দাম বাড়ে।এ ছাড়া অন্যান্য খাতে মিশ্র অবস্থা দেখা যায়। এদের মধ্যে সিমেন্ট খাতের পাঁচটির মধ্যে তিনটির, সিরামিক খাতের পাঁচটির মধ্যে একটির, প্রকৌশল খাতের ২১টির মধ্যে আটটির, জ্বালানি খাতের ১১টির মধ্যে তিনটির, আইটি খাতের পাঁচটির মধ্যে দুইটির, মিউচুয়াল ফান্ড খাতের ২১টির মধ্যে ছয়টির, ফার্মাসিউটিক্যাল খাতের ১৯টির মধ্যে পাঁচটির ও বস্ত্র খাতের ২২টির মধ্যে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আজ বেড়েছে। এদিকে টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের দাম আজ এক টাকা ৯০ পয়সা কমে যায়।