ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার কমাল
ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর যুক্তরাজ্য আর্থিক অবস্থা ধরে রাখতে নতুন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ড নীতিনির্ধারণী সুদের হার দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে দশমিক ২৫ শতাংশ করেছে। এর মাধ্যমে দেশটি মূল্যস্ফীতি ২ শতাংশের মধ্যে রাখতে চায়, যা টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। ব্যাংক অব ইংল্যান্ড একই সঙ্গে ইঙ্গিত দিয়েছে যে দেশটির অর্থনীতি খারাপ হতে শুরু করলে তারা আরও ধীরে যেতে পারে। এ ঘোষণার পরই দেশটিতে পাউন্ডের দামে পতন শুরু হয়েছে।
নয় সদস্যবিশিষ্ট মুদ্রানীতি কমিটির সভায় ৩ আগস্ট এ মুদ্রানীতি অনুমোদন হয়, যা গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়। ব্যাংক অব ইংল্যান্ডের ওয়েবসাইটে প্রকাশিত মুদ্রানীতির সারসংক্ষেপ থেকে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, নতুন মুদ্রানীতিকে যুক্তরাজ্যের অর্থনীতি চাঙা রাখতে বেশ কিছু উদ্যোগ রেখেছে ব্যাংক অব ইংল্যান্ড। এর মধ্যে রয়েছে পরিবার ও ব্যবসায় কম সুদে ঋণ দিতে ১০০ বিলিয়ন পাউন্ডের তহবিল। এ ছাড়া যুক্তরাজ্য সরকারের ৬০ বিলিয়ন পাউন্ডের বন্ড ও ১০ বিলিয়ন পাউন্ডের করপোরেট বন্ডও ক্রয় করার কথা বলা হয়েছে। নতুন মুদ্রানীতিতে সামষ্টিক প্রবৃদ্ধির পূর্বাভাসও কমানো হয়েছে।
ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর মার্ক কার্নি বলেছেন, তাদের সুদের হার আরও কমানোর সুযোগ রয়েছে। নয় সদস্যবিশিষ্ট মুদ্রানীতি কমিটির বেশির ভাগ এ ক্ষেত্রে তাকে সমর্থন দেবে।
মার্ক কার্নি বলেছেন, গ্রাহকদের কম সুদে ঋণ দিতে ব্যাংকগুলো থেকে কোনো ধরনের অজুহাত শোনা হবে না, তারা এটা করতে ব্যর্থ হলে জরিমানা আরোপ করা হবে।
যুক্তরাজ্যের সুদের হার কমানো প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, যুক্তরাজ্য সুদের হার আরও চড়া করার ইঙ্গিত দিয়েছিল, কিন্তু বিচ্ছিন্ন হওয়ার কারণে উল্টো পথে যেতে হলো। বিচ্ছিন্ন হওয়ার পর যুক্তরাজ্যের অর্থনীতিতে যে মন্দাবস্থা চলছে, সুদের হার কমিয়ে তারই মূল্য দেওয়া হলো। এটা দেশটির অর্থনীতিকে তুলে আনতে কাজ করবে। দেশটি অর্থনৈতিকভাবে ভেঙে না পড়লেও মনস্তাত্ত্বিকভাবে যে ভেঙে পড়েছে, তারই ইঙ্গিত মিলল সুদের হার কমানোর ফলে। পাউন্ডের দাম কমানোটা দেশটির ধারণার মধ্যেই ছিল।
এর প্রভাব বাংলাদেশে পড়বে কি না, জানতে চাইলে বিরূপাক্ষ পাল বলেন, পাউন্ডের দাম কমায় বাংলাদেশের প্রবাসী আয়ে কিছুটা প্রভাব পড়বে। তবে প্রকৃত অবস্থা বোঝা যাবে আরও কিছুদিন পর।